১ বাংলাদেশীসহ ৫৩ শ্রমিক বহিস্কার করছে সিঙ্গাপুর
সিঙ্গাপুর গত ৪০ বছরেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে ৫৩ জন বিদেশি শ্রমিককে বহিস্কার করার সিদ্ধান্ত জানিয়েছে। এদের ১ জন বাংলাদেশী এবং ৫২ জন ভারতীয় নাগরিক।
সিঙ্গাপুর সিটির ‘লিটল ইন্ডিয়া’ এলাকায় চলতি মাসের শুরুর দিকে সংঘটিত এ দাঙ্গায় আটক অপর ২৮ জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।
ওই এলাকায় বাস চাপা পড়ে একজন ভারতীয় নাগরিকের মৃত্যুর জেরে দাঙ্গা হয়। কঠোর অনুশাসনের দেশ সিঙ্গাপুরে এ ধরনের দাঙ্গা বিরল।
এতে জড়িত থাকার কারণে ৫৩ জনকে দেশে ফেরত পাঠানো হচ্ছে বলে মঙ্গলবার জানান, পুলিশ কমিশনার এনজি জু হি।
বিবিসি জানায়, যাদেরকে বহিষ্কার করা হচ্ছে তারা পুলিশি সতর্কতা সত্ত্বেও ঘরে ফিরে যায়নি বলে জানানো হয়েছে সিঙ্গাপুরের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের এক বিবৃতিতে।আইনশৃঙ্খলা রক্ষার জন্য এসব মানুষের উপস্থিতি বিপজ্জনক বলে এতে উল্লেখ করা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী তেও চি হিয়ান বলেন, “দাঙ্গায় যারা অংশ নিয়েছে তাদের বিরুদ্ধে মামলা করা এবং দেশে ফেরত পাঠানোর কঠোর ও চূড়ান্ত পদক্ষেপ নিয়েছি আমরা। এর মধ্য দিয়ে আমরা এই কড়া বার্তাই দিতে চাই যে, সিঙ্গাপুরে আইন-শৃঙ্খলা রক্ষায় হুমকি হয়ে দাঁড়ায় এমন কাউকে আমরা সহ্য করব না।”
