স্নোডেনকে আশ্রয় দেয়ার কথা ভাবছে না ব্রাজিল
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) সাবেক গোয়েন্দা এডওয়ার্ড স্নোডেনকে রাজনৈতিক আশ্রয় দেয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে না বলে জানিয়েছে ব্রাজিল।
স্নোডেন রাজনৈতিক আশ্রয়ে বর্তমানে রাশিয়ায় আছেন।
২০১৪ সালের অগাস্টে রাশিয়ায় রাজনৈতিক আশ্রয়ে থাকার মেয়াদ শেষ হয়ে যাবে, তারপর স্নোডেন কোথায় যাবেন তাই নিয়ে এখনই জল্পনা-কল্পনা শুরু হয়েছে।
এরইমধ্যে স্নোডেন, ব্রাজিলের প্রেসিডেন্ট ও ব্রাজিলবাসীদের ওপর এনএসএ’র গোপন গোয়েন্দা নজরদারীর বিষয়ে তদন্ত কাজে সহায়তা করার প্রস্তাব দেন । এতে স্নোডেন ব্রাজিলে রাজনৈতিক আশ্রয় পেতে যাচ্ছেন বলে ধারণা ছড়িয়ে পড়ে।
সেই ধারণাকে খারিজ করে দিয়ে মঙ্গলবার ব্রাজিলের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, ব্রাজিলে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেননি স্নোডেন, আর রাজনৈতিক আশ্রয় প্রার্থনা না করলে বিবেচনার প্রশ্নই আসে না।
ওইদিন ব্রাজিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, জুনে মস্কো পৌঁছানোর পর থেকে এ বিষয়ে স্নোডেনের কাছ থেকে কোনো আনুষ্ঠানিক অনুরোধ পায়নি ব্রাজিল সরকার। আনুষ্ঠানিক অনুরোধ ছাড়া রাজনৈতিক আশ্রয়ের বিষয়টি বিবেচনা করা হবে না বলে জানিয়েছেন তিনি।
একইদিন ব্রাজিলের সংবাদপত্র ফোলহা দে এস পাউলো’তে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক চিঠিতে স্নোডেন এনএসএ’র ইন্টারনেট নজরদারী প্রকল্পের বিষয়ে ব্রাজিলের তদন্তকাজে সহযোগিতা করার প্রস্তাব দেন।
চলতি বছরের প্রথম দিকে স্নোডেনের প্রকাশ করা নথির সূত্র ধরেই ব্রাজিলবাসী ও তাদের প্রেসিডেন্টের ওপর যুক্তরাষ্ট্রের গোপন গোয়েন্দা নজরদারীর বিষয়টি প্রকাশ পায়।
এর পাশাপাশি আভাজ নামের নাগরিক অধিকার বিষয়ক একটি ওয়েবসাইট, স্নোডেনকে ব্রাজিলে রাজনৈতিক আশ্রয় দেয়ার বিষয়ে দেশটির প্রেসিডেন্ট দিলমা রৌসেফের ওপর চাপ সৃষ্টি করার লক্ষ্যে, অনলাইনে স্বাক্ষর সংগ্রহ আন্দোলন শুরু করে।
এর পরিপ্রেক্ষিতে বিবৃতির মাধ্যমে নিজেদের অবস্থান পরিষ্কার করলো ব্রাজিল সরকার।
রাশিয়ায় রাজনৈতিক আশ্রয় নেয়ার আগে স্নোডেন অপর কয়েকটি দেশের সঙ্গে ব্রাজিলের কাছেও রাজনৈতিক আশ্রয়ের অনুরোধ জানিয়েছিলেন। কিন্তু ওই সময় স্নোডেনের অনুরোধের কোনো জবাব দেয়নি দেশটি।
চলতি বছরের প্রথমদিকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার বিশ্বব্যাপী ইমেইল, ইন্টারনেট ও ফোনে আঁড়িপাতা সংক্রান্ত এক ব্যাপক গোপন নজরদারী কর্মসূচীর বিষয়টি ফাঁস করে দেন সংস্থাটির সাবেক গোয়েন্দা ও ঠিকাদার এডওয়ার্ড স্নোডেন।
