২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যান্ডেলার স্মরণানুষ্ঠানে হাস্যজ্জ্বল ছবি নিয়ে বিতর্ক

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে বর্ণবাদ বিরোধী অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার স্মরণানুষ্ঠানে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য আর ডেনমার্কের তিন নেতার এক হাস্যজ্জ্বল ছবি নিয়ে ইন্টারনেটে আলোচনা-সমালোচনার ঝড় বয়ে গেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2013, 10:46 PM

Updated : 23 Aug 2022, 07:27 PM

শোকের আবহেও চটুল মুহূর্তের ওই ছবি ধরা পড়েছে এক ফটো সাংবাদিকের লেন্সে। আর তা নিয়েই শুরু হয়েছে বিতর্ক।

ছবিটিতে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা আর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনেরর মধ্যমণি হয়ে বসে আছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী হেলে থর্নিং-শ্মিট।

মেইল অনলাইন জানায়, ম্যান্ডেলার স্মরণসভায় ওই তিন জন বসে নিজেদের ছবি তোলার চেষ্টা করছিলেন স্মার্টফোনে।

ছবিতে দেখা যায়, স্মার্টফোনটি রয়েছে হেলের হাতে। ছবি তুলতে গিয়ে হেলের ডান পাশে বসা ডেভিড ক্যামেরন ঝুঁকে পড়েছেন তার দিকেই। বাঁ দিকে বসা ওবামাও তাই। তিনি আবার নিজের বা হাত বাড়িয়ে স্মার্টফোন ধরতে সাহায্য করছেন হেলকে। তিনজনের মুখেই হাসি।

কেবল ফার্স্ট লেডি মিশেল ওবামাকে দেখা গেছে ওবামার বাঁ পাশে সামান্য দূরত্ব বজায় রেখে থম মেরে বসে থাকতে।

ছবিটিকে ঘিরে সংবাদমাধ্যম থেকে শুরু করে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটেও হইচই পড়ে যায়। ম্যান্ডেলার স্মরণসভায় আমন্ত্রিত সব বিশ্ব বরেণ্য মানুষদের মধ্যে ওবামা, হেলে বা ক্যামেরনের মতো রাষ্ট্রনেতাদের এই আচরণ বিতর্ক সৃষ্টি করেছে। তবে ডাউনিং স্ট্রিট বা হোয়াইট হাউস-এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি।