২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তান সফরে হেগেল

পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে কথা বলতে সোমবার পাকিস্তানে গেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেল।

নিউজ ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2013, 02:17 PM

Updated : 23 Aug 2022, 07:26 PM

চার বছরের মধ্যে এটাই যুক্তরাষ্ট্রের কোনো প্রতিরক্ষামন্ত্রীর ইসলামাবাদ সফর।

পেন্টাগন জানিয়েছে, দুই নেতা কিভাবে “একই ধরনের হুমকি মোকাবেলায় করা যায় সে ব্যাপারে খোলাখুলি আলোচনা করবেন।“

“আফগানিস্তান স্থিতিশীল থাকলে যুক্তরাষ্ট্র ও পাকিস্তান উভয় দেশের যে সাধারণ সুবিধা হবে সেটা নিয়েও তারা আলোচনা করবেন,“ – জানিয়েছে পেন্টাগন।

সম্প্রতি পাকিস্তানে চালানো যুক্তরাষ্ট্রের চালকবিহীন বিমান (ড্রোন) হামলাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এর মধ্যেই পাকিস্তান সফরে এলেন চাক হেগেল।

ড্রোন হামলার পরিপ্রেক্ষিতে পাকিস্তানের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়। পাকিস্তান সরকারের দাবি ড্রোন হামলায় তাদের বেসামরিক মানুষ মারা যাচ্ছে। এতে ক্ষুব্ধ হয়ে তারা তাদের দেশের ভেতর দিয়ে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের বাহিনীর জন্য রসদ সরবরাহের প্রধান পথ বন্ধ করে দিয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্র তাদের চালকদের ঝুঁকির কথা বিবেচনা করে গত সপ্তাহে সড়ক পথে পাকিস্তান হয়ে আফগানিস্তানে যাওয়ার কার্গো চালান বন্ধ রেখেছে।

যদিও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন চালান স্থগিত রাখার বিষয়টি সাময়িক এবং এটা এখন শেষ হয়েছে।
আফগানিস্তানের কর্মকর্তাদের বিশ্বাস পাকিস্তান আফগান তালেবান গোষ্ঠীতে প্রভাবিত করছে।

নভেম্বরে কাবুল সফরের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ আফগান সরকার ও তালেবানের মধ্যে শান্তি আলোচনা সহজ করতে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

অন্যদিকে ধারণা করা হয়, পাকিস্তানের ভেতর থেকেই মূলত তালেবান জঙ্গিরা আফগানিস্তানের বিভিন্ন লক্ষ্যে হামলাগুলো চালায়। সেই সঙ্গে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আফগান তালেবান জঙ্গিদের সাহায্য করে বলেও অভিযোগ রয়েছে।

যদিও এ ধরনের অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান।

পাকিস্তান সফরের আগে হেগেল আফগানিস্তানে গিয়েছিলেন। দেশটির দক্ষিণ-পশ্চিমে মার্কিন সেনাদের সঙ্গে সাক্ষাত করতে তিনি সেখানে গিয়েছিলেন।

সেখানে ২০১৪ সালের পরও যেন আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের কিছু সেনা থেকে যেতে পারে সে জন্য একটি দ্বিপাক্ষিক চুক্তি সই করতে আফগান সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন হেগেল।

২০১৪ সালের শেষ দিকে আফগানিস্তান থেকে আন্তর্জাতিক সব সেনা প্রত্যাহার করে নেয়ার কথা রয়েছে।