২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যান্ডেলার মৃত্যু : পরিবারের জন্য ‘কঠিন সময়’

দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী আন্দোলনের কিংবদন্তী নেতা নেলসন ম্যান্ডেলার মৃত্যুর পর গত দুইদিন তার পরিবার কঠিন সময় পার করেছে। আসছে সময়গুলোও পার করাও পরিবারটির অনেক জন্য কঠিন হবে।

নিউজ ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2013, 11:56 AM

Updated : 13 Oct 2022, 03:06 PM

মহান এই নেতার মৃত্যুর পর শনিবার ম্যান্ডেলা পরিবার থেকে প্রথমবারের মতো দেয়া এক বিবৃতিতে এসব কথা জানানো হয়েছে, জানিয়েছে বিবিসি।

ম্যান্ডেলা পরিবারের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল থেম্বা মাতানজিমা বলেছেন, “আমাদের পরিবারের প্রধান স্তম্ভ চলে গেছেন, কিন্তু আমাদের হৃদয়ে ও মনে তিনি সবসময় আমাদের সঙ্গে আছেন।”

বৃহস্পতিবার রাত ৮টা ৫০ মিনিটে জোহানেসবার্গের নিজ বাসভবনে ৯৫ বছর বয়সে মারা যান নেলসন ম্যান্ডেলা। তার মৃত্যুতে পুরো দক্ষিণ আফ্রিকা জুড়ে শোকের মাতম চলছে।

জোহানেসবার্গের হাংটনের যে বাড়িতে ম্যান্ডেলার মৃত্যু হয়েছে তার সামনে সমবেত হয়ে শোক প্রকাশ করছেন শত শত মানুষ। তার স্মৃতির উদ্দেশ্যে জ্বালানো হচ্ছে হাজার হাজার মোমবাতি। বর্ণবাদবিরোধী আন্দোলনের কিংবদন্তীকে শ্রদ্ধা জানানো হচ্ছে হাজারো ফুলের তোড়ায়।।

ম্যান্ডেলাকে একটি বাওবাব বৃক্ষের সঙ্গে তুলনা করে মাতানজিমা বলেন, তিনি ম্যান্ডেলা পরিবারকে ছায়া ও নিরাপত্তা দিয়ে আসছিলেন।

“হ্যাঁ, তাকে ছাড়া কাঁটানো গত দুইদিন আমাদের জন্য সহজ ছিল না, আর আসছে দিনগুলো সুখকর হবে না। কিন্তু আমরা দেশ থেকে এবং দেশের বাইরে থেকে অল্প সময়ের মধ্যেই যে সমবেদনা পেয়েছি তা আমাদের পরিবারকে ভালো রাখবে,” পারিবারিক ওই বিবৃতিতে বলা হয়।

১৫ ডিসেম্বর, রোববার পূর্বাঞ্চলীয় অন্তরীপের কুনু গ্রামে ম্যান্ডেলার পৈত্রিক বাড়িতে ম্যান্ডেলার শেষকৃত্য অনুষ্ঠানের পর পারিবারিক সমাধিতে তাকে সমাহিত করা হবে।

এর আগে, ৮ ডিসেম্বর, রোববার ম্যান্ডেলার জীবন ও অবদানের স্মরণে সারা দক্ষিণ আফ্রিকায় জাতীয় প্রার্থনা ও কৃতজ্ঞতা দিবস পালন করা হবে।

১০ ডিসেম্বর, মঙ্গলবার, জোহানেসবার্গের সিটি ফুটবল স্টেডিয়ামে প্রবাদপ্রতীম এই নেতার স্মরণে রাষ্ট্রীয় শোক পালন করা হবে। এখানে দক্ষিণ আফ্রিকার সাধারণ মানুষের সঙ্গে বিশ্বনেতৃবর্গও উপস্থিত থেকে শোক জানাবেন।

১১-১৩ ডিসেম্বর, বুধ থেকে শুক্রবার, দেশটির প্রশাসনিক রাজধানী প্রিটোরিয়ার ইউনিয়ন ভবনে ম্যান্ডেলার মৃতদেহ রাখা থাকবে। এখানে “বাছাই করা আন্তর্জাতিক দর্শনার্থি ও অতিথিরা” ম্যান্ডেলাকে শেষ দেখার সুযোগ পাবেন। এছাড়া এই তিনদিনই ম্যান্ডেলার মরদেহ নিয়ে প্রিটোরিয়ার রাজপথে শোকমিছিল করা হবে।

১৪ ডিসেম্বর, শনিবার, প্রিটোরিয়া থেকে ম্যান্ডেলার মরদেহ বিমানযোগে পূর্বাঞ্চলীয় অন্তরীপের থাথা বিমানবন্দরে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে মরদেহ ম্যান্ডেলার নিজ গ্রাম কুনুতে নিয়ে যাওয়া হবে। এখানে ম্যান্ডেলার স্মরণে তার নিজ গোত্রের ঐতিহ্যবাহী অনুষ্ঠান পালন করা হবে।

১৫ ডিসেম্বর, রোববার, অন্ত্যেষ্টিক্রিয়ার পর সমাহিত করা হবে।