২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে সহিংসতায় নিহত ৩০০

সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে (সিএআর) দুইদিনের সহিংসতায় অন্ততপক্ষে ৩শ’ জন নিহত হয়েছেন বলে আন্তর্জাতিক দাতব্য সংস্থা রেড ক্রস জানিয়েছে।

নিউজ ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2013, 11:00 AM

Updated : 25 Apr 2022, 07:38 PM

সংস্থাটি জানিয়েছে, রাত হয়ে যাওয়ায় তাদের কর্মীরা মৃতদেহ উদ্ধার বন্ধ রাখলেও আবারও তা শুরু করবে।

রেড ক্রস নিহতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা করছে বলে বিবিসি জানিয়েছে।

সাম্প্রদায়িক সহিংসতার কারণে দেশটিতে এ ধরনের গণহারে হত্যাকাণ্ডের ঘটনা ঘটার আশঙ্কার সৃষ্টি হয়েছে।

দেশটিতে আইন-শৃঙ্খলা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার লক্ষ্যে জাতিসংঘ মিশনের অংশ হিসেবে দেশটিতে শত শত ফরাসি সেনা পৌঁছেছে।

ফ্রান্স দেশটিতে থাকা তার সেনা সংখ্যা দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে।

সিএআর –এ তে আফ্রিকান শান্তিরক্ষা মিশনে ফ্রান্সের সেনা পাঠানোর বিষয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অনুমোদন পায়।

বৃহস্পতিবার দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ফ্রাঙ্কোয়িস বোজিজের অনুগত খ্রিস্টান বিদ্রোহীরা উত্তরাঞ্চলে হামলা শুরু করে। এরফলে দেশটির নতুন সরকারের অনুগত প্রধানত মুসলিম সশস্ত্র যোদ্ধাদের সঙ্গে তুমুল সংঘর্ষের বাধে।

সংঘর্ষস্থলের আশেপাশে থাকা অধিবাসীরা জানিয়েছেন, শত শত মানুষ আশ্রয়ের জন্য নিকটবর্তী বিমানবন্দরে চলে যায়। সেখানে ফ্রান্স বাহিনী অবস্থান করছে।

সংঘর্ষে নিহত অনেক মৃতদেহ রাস্তার ওপর পড়ে রয়েছে। সেখান থেকে লাশ উদ্ধার করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

সিএআর’র রেড ক্রসের প্রেসিডেন্ট অ্যান্টোনি অ্যামবাও বোগো জানিয়েছেন, শুক্রবার রাতের মধ্যে তার কর্মীরা ২৮১টি মৃতদেহ উদ্ধার করেছে। কিন্তু পুনরায় উদ্ধার অভিযান শুরু হলে এই সংখ্যা আরো অনেক বাড়বে বলে আশঙ্কা করছেন তিনি।

শুক্রবার থেকে ফরাসি সেনারা ওই অঞ্চলে টহল দিতে শুরু করেছে। সমরবিমানগুলো বাঙ্গুইয়ের আকাশে টহল দিচ্ছে।

খ্রিস্টার সংখ্যাগরিষ্ঠের দেশটিতে চলতি বছরের মার্চে প্রেসিডেন্ট বোজিজেকে ক্ষমতাচ্যুত করে মিচেল জোতোদিয়া নিজেকে প্রথম মুসলিম নেতা বলে ঘোষণা দেন।

মুসলিম শেলেকা বিদ্রোহীদের জোট খ্রিস্টার স্বৈরতন্ত্রের অভিযোগ এনে বোজিজেকে ক্ষমতাচ্যুত করে জোতোদিয়াকে ক্ষমতায় আনতে সহায়তা করে।

এরপরিপ্রেক্ষিতে খ্রিস্টান সম্প্রদায়ও ‘বালাকা’ নামে বিদ্রোহী গোষ্ঠী প্রতিষ্ঠা করে যাদের অধিকাংশই বোজিজের অনুগত।