২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দিল্লি নির্বাচন: বুথ ফেরত জরিপে এগিয়ে বিজেপি

ভারতের রাজধানী দিল্লির বিধানসভার নির্বাচনের বুথ ফেরত জরিপে ক্ষমতাসীন কংগ্রেস পার্টির চেয়ে এগিয়ে থাকতে দেখা যাচ্ছে বিরোধীদল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) কে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2013, 09:12 PM

Updated : 23 Aug 2022, 07:24 PM

দিল্লি বিধানসভার ৭০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৮১০ প্রার্থী। ভোট পড়েছে প্রাথমিক হিসেবে ৬৫ শতাংশের বেশি৷ ৭ টি দল প্রতিদ্বন্দ্বিতা করলেও কংগ্রেস ও বিজেপির লড়াইয়ে এবার যোগ হয় আম আদমি পার্টি৷ ফলে লড়াইটা হয় মূলত ত্রিমুখী৷

দিল্লি বিধানসভার সঙ্গে অন্য চারটি রাজ্য রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং মিজোরামে ভোট হলেও সবার দৃষ্টি দিল্লি বিধানসভার দিকে।

এ ৫ রাজ্যের নির্বাচনকে আগামী বছরের লোকসভা ভোটের আগে ‘সেমি ফাইনাল’ বলেই মনে করা হচ্ছে।

বুথ ফেরত জরিপ অনুযায়ী, দিল্লি বিধানসভা ত্রিশঙ্কু হওয়ার সম্ভাবনা থাকলেও কংগ্রেসের চেয়ে বিজেপি এগিয়ে থাকারই আভাস পাওয়া যাচ্ছে। আর দিল্লিতে তৃতীয় বৃহত্তম দল হিসেবে উঠে আসার সম্ভাবনা রয়েছে আম আদমি পার্টির৷
এনডিটিভি অবশ্য বুথ ফেরত জরিপে ৫ টি রাজ্যের চারটিতেই বিজেপির জয়ের আভাস স্পষ্ট বলে জানিয়েছে।

বিজেপি’র এ জয়ের আভাসে সরকার এরই মধ্যে তেলেঙ্গানার মানচিত্র নিয়ে পরিকল্পনা পরিহার করেছে। তেলেঙ্গানার পরিসর আরো বাড়ানোর পরিকল্পনা ছিল সরকারের। কিন্তু তেলেঙ্গানার ১০ টির বেশি এলাকা চায় না বিজেপি।

বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের কথা রয়েছে রোববার (৮ ডিসেম্বর)। এ ভোটের প্রভাব আগামী নির্বাচনেও পড়বে এবং ছোট দলগুলো বিজেপির সঙ্গেই যাবে বলে মনে করা হচ্ছে।