২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দাবি না মানলে নিরাপত্তা চুক্তি নয়: কারজাই

আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই যুক্তরাষ্ট্রকে বাড়িতে বাড়িতে সামরিক অভিযান পুরোপুরি বন্ধ করে অর্থবহ শান্তি প্রক্রিয়া শুরুর দাবি জানিয়েছেন। এ দাবি পূরণ না হওয়া পর্যন্ত তিনি মন্ত্রীদেরকে নিরাপত্তা চুক্তি সই করতে দেবেন না বলে জানান।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 04 Dec 2013, 11:29 PM

Updated : 23 Aug 2022, 07:23 PM

কারজাই বলেন, যুক্তরাষ্ট্র এ দাবি কয়েক দিন বা কয়েক সপ্তাহেই পূরণ করতে সক্ষম।

যুক্তরাষ্ট্র তড়িঘড়ি আফগানিস্তানের সঙ্গে নিরাপত্তা চুক্তি সই করতে চাইলেও কারজাই তাড়াহুড়ো করতে রাজি নন। তিনি বলছেন, কোনো চুক্তি সই হওয়ার আগে শান্তি প্রতিষ্ঠিত হওয়া প্রয়োজন।

শান্তি প্রতিষ্ঠা না হলে এ চুক্তি আফগানিস্তানের জন্য দুর্ভাগ্যই বয়ে আনবে বলে মনে করছেন কারজাই।

আর সে কারণেই যুক্তরাষ্ট্রকে বাড়িতে বাড়িতে সামরিক অভিযান বন্ধ করার দাবি জানানোর পাশাপাশি কারজাই চান ২০১৪ সালে মার্কিন সেনারা আফগানিস্তান ছেড়ে চলে যাওয়ার আগেই তারা শান্তি প্রক্রিয়ার পথে পরিষ্কার কোনো পদক্ষেপ নিক।

এ শর্ত ছাড়াও কারজাইয়ের আরো কিছু শর্তের মধ্যে রয়েছে গুয়ানতানামো বে’র মার্কিন বন্দিশিবির থেকে আফগান বন্দিদের মুক্তি দেয়া।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সুসান রাইসের সঙ্গে এক বৈঠকে কারজাই এসব শর্ত দেন।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি মঙ্গলবার বলেছিলেন, দ্বিপক্ষীয় নিরাপত্তা চুক্তি (বিএসএ) সই করতে পারেন কারজাইয়ের প্রতিরক্ষামন্ত্রী বিসমিল্লাহ খান মোহাম্মদী।

কিন্তু কারজাইয়ের মুখপাত্র আয়মল ফাইজি জানান, প্রেসিডেন্ট তার দাবিদাওয়া পূরণ হওয়ার ব্যাপারে অটল রয়েছেন।

আফগানিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা চুক্তি হলে ২০১৪ সালের পরও দেশটিতে থেকে যেতে পারবে বেশ কিছু মার্কিন সেনা।

যুক্তরাষ্ট্র বলছে, এ বছরের শেষ নাগাদ কোনো চুক্তি না হলে আফগানিস্তানকে তালেবান সহিংসতার মুখে অরক্ষিত রেখেই চলে যেতে বাধ্য হবে সেনারা।