ক্ষমতার নেপথ্য নায়ককে সরালেন কিম জং-উন
উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন তার এক প্রভাবশালী সহযোগী চ্যাং সং-থায়েক’কে সরিয়ে দিয়েছেন।
সম্পর্কে উন এর ফুফা ৬৭ বছর বয়সী থায়েক কে ক্ষমতার নেপথ্য নায়ক হিসাবেই মনে করা হত।
উত্তর কোরিয়ার জাতীয় প্রতিরক্ষা কমিশনের ভাইস-চেয়ারম্যান এবং ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির বিভাগীয় প্রধানের পদ থেকে তাকে বরখাস্ত করা হয়েছে।
গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে দক্ষিণ কোরিয়ার আইনপ্রণেতা জুং চেয়ং রায়ে মঙ্গলবার এমনটিই ঘটেছে বলে ধারণা প্রকাশ করেছেন।
এক নিউজ ব্রিফিং এ জুং বলেন, ঊর্ধ্বতন তদন্ত কর্মকর্তার ব্রিফিং অনুযায়ী, তাদের বিশ্বাস সং থায়েক তার পদ হারিয়েছেন।
এছাড়া, দুর্নীতির অভিযোগে চাংয়ের অন্য দুই সহযোগীর মৃতুদণ্ড কার্যকর করা হয়েছে বলেও জানান জুং। এ ঘটনার পরই থায়েককে আর দেখা যায়নি এবং তিনি অপসারিত হয়েছেন বলে মনে করা হচ্ছে।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্খা কেসিএনএ অবশ্য তাৎক্ষণিকভাবে এ ব্যাপারে কিছু জানায়নি।
খবরটি সত্য হলে তা হবে সাবেক নেতা কিম জং-ইলের মৃত্যুর পর উত্তর কোরিয়ার সরকারে সবচেয়ে বড় পরিবর্তন। ২০১১ সালে ইলের মৃত্যুর পর তার ছেলে উন ক্ষমতায় আসেন।
কিম জং-ইলের বোনকে বিয়ে করার সুবাদে উনের ফুফা হন চ্যাং সং থায়েক। ইলের মৃত্যুর পর নেতা উনকে রাষ্ট্র পরিচালনায় চ্যাংই নেপথ্যে থেকে চালিকাশক্তি হিসাবে কাজ করতেন বলে মনে করা হয়।
