স্বাস্থ্যখাতে বিদেশি বিনিয়োগের খোঁজে মিয়ানমার
এক সময় দক্ষিণ-পূর্ব এশিয়ার সেরা স্বাস্থ্যসেবা ব্যবস্থার উদাহরণ ছিল মিয়ানমারের প্রধান শহর ইয়াঙ্গুনের জেনারেল হাসপাতাল। আর এখন শত শত রোগী ঔপনিবেশিক আমলের লাল ইটের জৌলুস হারানো বিশাল জেনারেল হাসপাতাল ভবনের বরান্দায় ঘুমাতে বাধ্য হয়।
হাসপাতালের জরুরি বিভাগের ভিতরে কুকুর ঘুমায় আর কোনগুলোতে ময়লার স্তুপ জমে থাকে।
মিয়ানমারের স্বাস্থ্যসেবার এ ধরনের দৃশ্যগুলো পাল্টাতে চায় দেশটির সংস্কারবাদী সরকার। এশিয়ার অন্যতম দুর্বল স্বাস্থসেবা ব্যবস্থার পরিবর্তনের আশা নিয়ে এ খাতে বরাদ্দ বৃদ্ধি করার দিকে নজর দিয়েছে সরকার। আর এজন্য বিদেশি বিনিয়োগের দিকেও হাত বাড়িয়েছে তারা।
ইতোমধ্যেই কয়েকটি নেতৃস্থানীয় আঞ্চলিক স্বাস্থসেবা প্রতিষ্ঠান মিয়ানমারে কাজ শুরু করেছে, আরও কয়েকটি শিগগিরই শুরু করার পর্যায়ে আছে। ৬ কোটি মানুষের দেশটিতে এ খাতের ভবিষ্যৎও দেখতে পাচ্ছেন তারা।
২০১১ সালে সেনাবাহিনীর কাছ থেকে ক্ষমতা গ্রহণকারী প্রায় বেসামরিক সরকার স্বাস্থসেবা ব্যবস্থাকে উন্নত করা অন্যতম দায়িত্ব হিসেবে নিয়েছে। ৩১ মার্চ থেকে শুরু হওয়া চলতি অর্থ বছরে সামরিক বাজেট কমিয়ে স্বাস্থসেবা খাতে সরকারি ব্যয় ৩ শতাংশ বাড়িয়েছে প্রেসিডেন্ট থিয়েন সিয়েন সরকার। যেখানে আগের বছর মাত্র ১ শতাংশ বাড়ানো হয়েছিল।
তবে অন্যান্য অনেক ক্ষেত্রের মতোই এ খাতে বিনিয়োগ করা বেসরকারি প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, বিদেশি বিনিয়োগকারীদের জন্য নির্ধারিত বিধির অনিশ্চয়তার কারণে তারা কিছুটা গুটিয়ে আছেন।
মিয়ানমারে বিদেশি হাসপাতালগুলো যেন স্বাধীনভাবে কাজ করতে পারে সে লক্ষ্যে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়ামনীতি ঠিক করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রণালয়টির নাম প্রকাশে অনিচ্ছুক এক জ্যেষ্ঠ কর্মকর্তা।
