২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আসাদ সমর্থক ও বিরোধীদের লড়াইয়ে নিহত ১০

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সমর্থক ও বিরোধীদের মধ্যে দুইদিনব্যাপী বন্দুকযুদ্ধে উত্তর লেবাননে অন্তত ১০ জন নিহত হয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 02 Dec 2013, 03:42 PM

Updated : 23 Aug 2022, 07:23 PM

একটি নিরাপাত্তা সূত্র জানায়, দেশটির বন্দর নগর ত্রিপোলিতে শনিবার ও রোববারের ওই সংঘর্ষে আরো ৪৯ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ১১ জন সেনা সদস্য।

সুন্নি জাতিগোষ্ঠী অধ্যুষিত ত্রিপোলিতে অল্প সংখ্যক আলাউতি জাতিগোষ্ঠীর মানুষ বসবাস করে। লেবাননে জাতিগত সংঘাতপূর্ণ এলাকাগুলোর মধ্যে এটি একটি বলে বিবিসি জানিয়েছে।

প্রেসিডেন্ট আসাদ একজন আলাউইতি এবং তিনি সুন্নি নেতৃত্বাধীন বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধ করছেন।

বিবিসির প্রতিনিধি জানান, গত সপ্তাহে আলাউতিদের এলাকা জাবাল মুহসিন জেলার অধিবাসীরা আসাদকে সমর্থন করে সিরিয়ার পতাকা ওড়ানো শুরু করেন।

এর জবাবে প্রতিবেশী বাব আল-তাবানার অধিবাসীরা সিরিয়ার বিদ্রোহীদের সমর্থনে পতাকা ওড়ান। এরপর থেকেই ওই এলাকায় উত্তেজনা দেখা দেয় এবং শনিবার সংঘর্ষ শুরু হয়।

শনিবারের সংঘর্ষে অন্তত ছয়জন প্রাণ হারায়। রাতভর সংঘর্ষ চলে। রোববার আরো অন্তত চারজন দূরপাল্লার অস্ত্রের হামলার শিকার হয়, যাদের মধ্যে ছুটিতে থাকা একজন সৈনিক এবং একটি লরিতে থাকা দুইজন মানুষ রয়েছে।

রোববার থেকে লেবাননের সেনাবাহিনী এলাকাটি ঘিরে রেখেছে। একটি সেনা সূত্র জানায়, এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে।

সরকারি সংবাদ সংস্থা জানায়, শহরের বেশির ভাগ স্কুল সোমবার বন্ধ রাখা হয়েছে।

লেবাননের শিয়াপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জাবাল মুহসিনে তাদের যোদ্ধা পাঠানোর বিষয়টি অস্বীকার করেছে। হিজবুল্লাহর যোদ্ধারা সিরিয়ায় আসাদের হয়ে যুদ্ধ করছে।