কাবুলে পাকিস্তানি প্রধানমন্ত্রী নওয়াজ
আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গে আলোচনার জন্য পাকিস্তানি প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ দেশটির রাজধানী কাবুল গিয়েছেন।
শনিবার একদিনের সফরে কাবুলে পৌঁছলে নওয়াজকে উষ্ণ সম্বর্ধনা দেয়া হয় বলে জানিয়েছে বিবিসি অনলাইন।
আগামী বছর আফগানিস্তান থেকে ন্যাটোর সব সেনা প্রত্যাহারের আগেই দেশটিতে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা হিসেবে নওয়াজের সঙ্গে আলোচনা করতে চাচ্ছেন কারজাই।
কারজাই বলেছেন, তিনি চান তালেবানের সঙ্গে শান্তি আলোচনায় ইসলামাবাদ সহযোগীতা করুক। তালেবানের ওপর ইসলামাবাদের ব্যাপক প্রভাব আছে বলে মনে করেন আফগান প্রেসিডেন্ট।
সাধারণভাবে এটি বিশ্বাস করা হয় যে পাকিস্তানের ঘাঁটিগুলো থেকেই তালেবান তার হামলাগুলোর পরিকল্পনা ও পরিচালনা করে থাকে।
আফগান তালেবানদের মদত দেওয়ার জন্য পাকিস্তানি গোয়েন্দা সংস্থাগুলোর বিরুদ্ধেও অভিযোগ আছে, যদিও ইসলামাবাদ বিষয়টি জোরালোভাবে অস্বীকার করেছে।
নওয়াজের কাবুল সফরের বিষয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আইজাজ আহমেদ চৌধুরি বলেছেন, “উভয় দেশের নেতা আফগানিস্তানের শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা করবেন।”
আফগান প্রেসিডেন্ট কারজাই ও আফগানিস্তানের সর্বোচ্চ শান্তি পরিষদকে যুক্তরাষ্ট্রের পুতুল হিসেবে অভিহিত করে তাদের সঙ্গে সরাসরি যোগাযোগে অস্বীকৃতি জানিয়েছে তালেবান।
কিন্তু দেশটি থেকে ন্যাটোর সব সেনা প্রত্যাহারের আগেই তালেবানের সঙ্গে দেশটির বর্তমান সরকারের সমঝোতায় পৌঁছা আফগানিস্তানের স্থিতিশীলতার জন্য অতি জরুরী।
