২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জানুয়ারি থেকে চুক্তির বাস্তবায়ন চায় ইরান

জানুয়ারির প্রথম থেকেই তেহরানের নিউক্লিয়ার কর্মসূচী সংকোচনের লক্ষ্যে প্রভাবশালী ছয় বিশ্বশক্তি ও ইরানের মধ্যে সম্পাদিত চুক্তির বাস্তবায়ন দেথতে চায় ইরান।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 30 Nov 2013, 03:00 PM

Updated : 25 Apr 2022, 07:36 PM

শুক্রবার এ কথা জানিয়েছেন জাতিসংঘের পরমাণু শক্তি সংস্থায় (আইএইএ) নিয়োজিত ইরানি দূত রেজা নাজাফি।

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) বৈঠকের ফাঁকে নাজাফি উপস্থিত সংবাদিকদের বলেন, তিনি আশা করছেন ছয়মাস মেয়াদি চুক্তিটির বাস্তবায়ন ডিসেম্বরের শেষ দিকে অথবা জানুয়ারির প্রথম থেকে শুরু হবে।

তেহরানের নিউক্লিয়ার প্রকল্পের উচ্চ মাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কবে বন্ধ করা হবে এমন প্রশ্নের জবাবে নাজাফি বলেন, “সমন্বয় করার জন্য আমাদের প্রথমে একটি বৈঠক করতে হবে, এরপর তারিখের বিষয়ে একটি ঐকমত্যে পৌঁছলেই ইরান যা করতে সম্মত হয়েছে তার বাস্তবায়ন শুরু করবো আমরা।”

২৪ নভেম্বর সুইজারল্যান্ডের জেনেভায় ছয় বিশ্বশক্তি তথা যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির সঙ্গে ইসলামিক প্রজাতন্ত্র ইরানের ছয়মাস মেয়াদি ওই অন্তর্বর্তী চুক্তিটি সই হয়।

এই চুক্তির মাধ্যমে ইরানের নিউক্লিয়ার প্রকল্পকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে নতুন একটি যুদ্ধের ঝুঁকি এড়ানো গেছে বলে ধারণা করা হচ্ছে।

ছয় বিশ্বশক্তি ও ইরানের মধ্যে সই হওয়া এই চুক্তির মাধ্যমে ইরানের নিউক্লিয়ার প্রকল্পের যে কোনো ধরনের সম্প্রসারণ স্থগিত রাখার পরিকল্পনা করা হয়েছে এবং এ বিষয়ে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর জন্য সময় নেয়া হয়েছে।

এই চুক্তি বাস্তবায়ন শুরু হলে ইরানের নিউক্লিয়ার প্রকল্পের সংকোচনের পাশাপাশি ইরানের ওপর জাতিসংঘ, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের আরোপিত নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করার কথা রয়েছে।