সেনা দপ্তরে ঢুকেছে থাইল্যান্ডের বিক্ষোভকারীরা
থাইল্যান্ডে প্রায় দেড় হাজার সরকার বিরোধী বিক্ষোভকারী রাজধানী ব্যাংককের সেনা সদরদপ্তরে ঢুকে সেনাদেরকে বিক্ষোভে যোগ দেয়ার আহ্বান জানিয়েছে।
আরেকটি এলাকায় আরো প্রায় ১ হাজার বিক্ষোভকারী প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার ক্ষমতাসীন পার্টির সদরদপ্তরগুলো ঘেরাও করে।
বিক্ষোভের ষষ্ঠ দিনে শুক্রবার বিক্ষোভকারীরা সেনা দপ্তরের গেট ভেঙে ভেতরে প্রবেশ করে সেখানে অবস্থান নেয়।
সেনাবাহিনী আন্দোলনের কোন পক্ষে রয়েছে তা জানতেই তারা সেখানে ঢুকেছে বলে জানায়। আন্দোলনে সেনাদেরও যোগ দেয়ার আহ্বান জানায় বিক্ষোভকারীরা।
অন্যদিকে, ইংলাকের সদরদপ্তর ঘেরাও করে বিক্ষোভকারীরা বেরিয়ে এসো, বেরিয়ে এসো বলে চিৎকার করে। তবে কয়েকঘন্টা পর তারা সেনা সদরদপ্তর এবং ক্ষমতাসীন দলের দপ্তর দু জায়গা থেকেই চলে যায়। কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি।
বৃহস্পতিবার থাই পার্লামেন্টে আস্থা ভোটে বিপুল ব্যবধানে জয়ী হওয়ার পর বিরোধীদের প্রতি বিক্ষোভ বন্ধ করার আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা। কিন্তু বিক্ষোভকারীদের নেতা সে আহ্বান প্রত্যাখ্যান করেছেন।
প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার পদত্যাগ এবং তার সরকারের পতনের দাবিতে বিরোধীদল এ আন্দোলন শুরু করেছে।
সরকার সমর্থিত একটি সাধারণ ক্ষমা আইনের বিরুদ্ধে থাইল্যান্ডে গত মাসে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়। এ আইনটির ফলে থাইল্যান্ডের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী এবং ইংলাকের ভাই থাকসিন সিনাওয়াত্রার অবাধে দেশে ফিরে আসার পথ সুগম হতে পারে।
ক্ষমার ওই বিলটি আপাতত বাদ থাকলেও ইংলাকের সরে দাঁড়ানোসহ গোটা সরকার পরিবর্তনের দাবিতে থাইল্যান্ডে বিক্ষোভ জোরদার হচ্ছে। কারণ, ইংলাক তার ভাই থাকসিনের বিকল্প হিসাবে কাজ করছেন বলেই ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে। দুবাই থেকে থাই সরকারের নীতিমালার ওপর প্রভাব খাটাচ্ছেন থাকসিন সিনাওয়াত্রা।
