২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন আকাশ প্রতিরক্ষা জোনে চীনা বিমানের টহল

পূর্ব চীন সাগরে ঘোষিত আকাশ প্রতিরক্ষা জোনে কয়েকটি জঙ্গি বিমান ও আগাম সতর্ক সংকেত দেওয়ার বিমান পাঠিয়ে টহল দিয়েছে চীনা সেনাবাহিনী। চীনের ঘোষিত এই আকাশ প্রতিরক্ষা জোনে জাপানি মালিকানাধীন কয়েকটি বিরোধপূর্ণ দ্বীপও আছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 29 Nov 2013, 12:00 PM

Updated : 23 Aug 2022, 07:22 PM

বৃহস্পতিবার চীনা বিমানগুলো ওই এলাকায় টহল দিয়েছে বলে গণমুক্তি ফৌজের বিমান বাহিনীর এক কমকর্তার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে সিনহুয়া।

নতুন আকাশ প্রতিরক্ষা জোন নিযে এরই মধ্যে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়ার বিরোধ সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার জাপান ও দক্ষিণ কোরিয়াও ওই আকাশ প্রতিরক্ষা জোনে নিজস্ব সামরিক বিমান পাঠিয়ে চীনা কর্তৃত্বকে চ্যালেঞ্জ জানিয়েছে।

চীনা বিমান বাহিনীর মুখপাত্র শেন জিনকে বলেছেন, “চীনের এ টহল একটি প্রতিরক্ষাজনিত পদক্ষেপ এবং আন্তর্জাতিকভাবে প্রচলিত ধারা মেনে করা হয়েছে।”

চীনে দিয়ায়ু ও জাপানে সেনকাকু নামে পরিচিত পূর্ব চীন সাগরের কয়েকটি দ্বীপমালার মালিকানা নিয়ে দেশদুটির মধ্যে গত কয়েক মাস ধরে উত্তেজনা বিরাজ করছে। দ্বীপগুলো বর্তমানে জাপানি প্রশাসনের নিয়ন্ত্রণাধীন আছে।

গত সপ্তাহে চীন একতরফাভাবে ঘোষণা করে, নির্ধারিত আকাশ প্রতিরক্ষা অঞ্চলে প্রবেশকারী যাত্রীবাহীসহ যে কোনো বিমানকে চীনা কর্তৃপক্ষের কাছে পরিচয় প্রকাশ করতে হবে।

এ ঘোষণার পরপরই ঘোষণাটির সমালোচনা করে জাপান ও যুক্তরাষ্ট্র। চীনের ঘোষণা মানা হবে না বলেও ঘোষণা দেয় প্রতিরক্ষা চুক্তিতে আবদ্ধ দেশদুটি।

পরে চলতি সপ্তাহের প্রথমদিকে চীনা কর্তৃপক্ষকে আগাম কিছু না জানিয়ে ঘোষিত এলাকায় দুটি বি-৫২ বোমারু বিমান পাঠায় যুক্তরাষ্ট্র। মিত্র জাপানের প্রতি সমর্থনের নমুনা হিসেবেই এ কাজ করে যুক্তরাষ্ট্র। এ্ররই ধারাবাহিকতায় বৃহস্পতিবার জাপান ও দক্ষিণ কোরিয়াও উল্লেখিত জোনে সেনা বিমান পাঠায়।

এরপর সর্বশেষ জঙ্গি বিমান পাঠিয়ে ওই আকাশ প্রতিরক্ষা এলাকায় টহল দিয়েছে চীনা সেনাবাহিনী।

সিনহুয়ার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, “চীনা বিমানবাহিনী উচ্চ সতর্কাবস্থায় আছে। দেশের আকাশপথের নিরপত্তা রক্ষায় যে কোনো হুমকি দৃঢ়ভাবে মোকাবিলায় প্রস্তুত আছে তারা।”