থাইল্যান্ডে বিক্ষোভকারীদের দখলে আরো মন্ত্রণালয়
থাইল্যান্ডে সরকার-বিরোধী বিক্ষোভ তুঙ্গে পৌঁছেছে। রোববার বিক্ষোভকারীরা অর্থমন্ত্রণারয় দখল করার পর একে একে আরো মন্ত্রণালয় দখল করেছে।
রাতভর অর্থ ও পররাষ্ট্রমন্ত্রণালয়ে অবস্থান করার পর মঙ্গরবার সকালের দিকে বিক্ষোভকারীরা স্বরাষ্ট্রমন্ত্রণালয়সহ পর্যটরন, পরিবহন এবং কৃষি মন্ত্রণালয়ও ঘেরাও করে।
স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সামনে পতাকা উড়িয়ে বিক্ষোভ করে প্রায় ৩ হাজার বিক্ষোভকারী। অন্যান্য মন্ত্রণালয়গুলোতেও বাঁশি বাজিয়ে এবং পতাকা উড়িয়ে বিক্ষোভ করে সরকার বিরোধীরা। তাদের রোষের মুখে মন্ত্রণালয় ছেড়ে সরে যেতে বাদ্য হন কর্মকর্তা কর্মচারিরা।
প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার পদত্যাগ এবং তার সরকারের পতনের দাবিতে বিরোধীদল এ আন্দোলন শুরু করেছে।
সরকার সমর্থিত একটি সাধারণ ক্ষমা আইনের বিরুদ্ধে থাইল্যান্ডে গত মাসে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়। এ আইনটির ফলে থাইল্যান্ডের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী এবং ইংলাকের ভাই থাকসিন সিনাওয়াত্রার অবাধে দেশে ফিরে আসার পথ সুগম হতে পারে।
ক্ষমার ওই বিলটি আপাতত বাদ থাকলেও ইংলাকের সরে দাঁড়ানোসহ গোটা সরকার পরিবর্তনের দাবিতে থাইল্যান্ডে বিক্ষোভ জোরদার হচ্ছে। কারণ, ইংলাক তার ভাই থাকসিনের বিকল্প হিসাবে কাজ করছেন বলেই ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে। দুবাই থেকে থাই সরকারের নীতিমালার ওপর প্রভাব খাটাচ্ছেন থাকসিন সিনাওয়াত্রা।
ব্যাংককের চুলালংকর্ণ বিশ্ববিদ্যালয়ের এক রাজনীতি বিশ্লেষক বলেছেন, এ সপ্তাহটা খুবই উত্তেজনাপূর্ণ। সরকারের হাতে বিকল্প খুবই সীমিত।
তবে অনাস্থা বিতর্কের মুখে থাকা প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা এরই মধ্যে বলেছেন, তিনি পদত্যাগ করবেন না। সাংবাদিকদের তিনি বলেন, “আমার পদত্যাগ করা কিংবা পার্লামেন্ট ভেঙে দেয়ার কোনো পরিকল্পনা নেই”।ment
