২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

থাইল্যান্ডে অর্থমন্ত্রণালয় বিক্ষোভকারীদের দখলে

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার পদত্যাগের দাবিতে সরকার-বিরোধী বিক্ষোভকারীরা রাজধানী ব্যাংককে অর্থমন্ত্রণালয় দখল করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2013, 09:55 PM

Updated : 25 Apr 2022, 07:34 PM

বিরোধী দল ডেমোক্র্যাট পার্টির নেতৃত্বে বিক্ষোভকারীরা সোমবার গেট ভেঙে মন্ত্রণালয় প্রাঙ্গণে ঢুকে পড়ে ভবনটি দখল করে।

প্রায় এক হাজার বিক্ষোভকারী মন্ত্রণালয় ভবনে ঢুকে কক্ষ ও বারান্দাগুলোতে মাদুর বিছিয়ে অবস্থান নিয়েছে।

মূল ভবনসহ মোট সাতটি ভবন দখল করেছে তারা। দোতালার মিটিং রুমও দখল করে আছে অনেকে।তারা সেখানে বসে বিশ্রাম করছে, খাচ্ছে-দাচ্ছে, বাঁশিও বাজাচ্ছে।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা ছুটে বেরিয়ে গিয়ে গাড়ি রাখার কক্ষে আশ্রয় নিয়েছেন।

বিক্ষোভকারীদের নেতা সুদেব থাকসুবান সবাইকে অর্থ মন্ত্রণালয়ে রাত যাপনের আহ্বান জানান।

তিনি বলেন, “আমাদের একমাত্র লক্ষ্য দেশকে থাকসিন শাসন থেকে মুক্ত করা। আমরা অর্থ মন্ত্রণালয় দখল করেছি যাতে সরকার এর মধ্য দিয়ে অর্থ পাচার করতে না পারে, যেমনটি এর আগে থাকসিন শাসনের সময় দেখা গিয়েছিল”।

সোমবার দ্বিতীয় দিনের মতো রাজধানীতে সরকার বিরোধী বিক্ষোভ হয়।২০১০ সালের রাজনৈতিক অস্থিরতার পর এটিই দেশটিতে বড় ধরনের বিক্ষোভ।

রোববার বিশাল বিক্ষোভ মিছিলের পরদিন শহরের কয়েকটি জায়গায় মানুষ মিছিল করে। এ বিক্ষোভ চলাকালেই অর্থমন্ত্রণালয় দখল করে বিরোধী কর্মীরা। এছাড়াও বিভিন্ন সরকারি কার্যালয়, সামরিক ঘাঁটি এবং রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলগুলোতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

পুলিশের কড়া পাহারার মধ্যেই ইংলাক সিনাওয়াত্রার পদত্যাগের দাবিতে স্লোগান দেয় প্রায় ৩০ হাজার বিক্ষোভকারী।

সরকার সমর্থিত একটি সাধারণ ক্ষমা আইনের বিরুদ্ধে থাইল্যান্ডে গত মাসে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়। এ আইনটির ফলে থাইল্যান্ডের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী এবং ইংলাকের ভাই থাকসিন সিনাওয়াত্রার অবাধে দেশে ফিরে আসার পথ সুগম হতে পারে।

ক্ষমার ওই বিলটি আপাতত বাদ থাকলেও ইংলাকের সরে দাঁড়ানোসহ গোটা সরকার পরিবর্তনের দাবিতে থাইল্যান্ডে বিক্ষোভ জোরদার হচ্ছে। কারণ, ইংলাক তার ভাই থাকসিনের বিকল্প হিসাবে কাজ করছেন বলেই ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে। দুবাই থেকে থাই সরকারের নীতিমালার ওপর প্রভাব খাটাচ্ছেন থাকসিন সিনাওয়াত্রা।

ব্যাংককের চুলালংকর্ণ বিশ্ববিদ্যালয়ের এক রাজনীতি বিশ্লেষক বলেছেন, এ সপ্তাহটা খুবই উত্তেজনাপূর্ণ। সরকারের হাতে বিকল্প খুবই সীমিত।

তবে মঙ্গলবার অনাস্থা বিতর্কের মুখে থাকা প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা এরই মধ্যে বলেছেন, তিনি পদত্যাগ করবেন না।

সাংবাদিকদের তিনি বলেন, “আমার পদত্যাগ করা কিংবা পার্লামেন্ট ভেঙে দেয়ার কোনো পরিকল্পনা নেই”।