চীনে পাইপলাইন বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৯
চীনে তেলের পাইপলাইন বিস্ফোরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুর্ঘটনাজনিত ওই বিস্ফোরণে ৫৫ জন নিহত হয়।
মঙ্গলবার চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে জানিয়েছে বিবিসি অনলাইন।
শুক্রবার দেশটির পূর্বাঞ্চলীয় কিঙদাও শহরে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। তেল পরিশোধনাগার সিনোপেকের মালিকানাধীন একটি পাইপলাইন থেকে দুটি জায়গায় চুইয়ে পড়া তেলে আগুন লেগে ভয়াবহ দুটি বিস্ফোরণ ঘটে।
গ্রেপ্তার হওয়াদের মধ্যে সাতজন সিনোপেকের কর্মী। অপর দুজনকে শহরের বাণিজ্যিক ও কারিগরি উন্নয়ন জোন থেকে গ্রেপ্তার করা হয়েছে।
বিস্ফোরণে অন্তত ১৬০ জন আহত হন, এছাড়া আরো ৯ জন এখনো নিখোঁজ রয়েছেন।
রাষ্ট্রীয় নিরাপদ কর্ম প্রশাসনের প্রধান ইয়াঙ ডঙ্গলিয়াঙ্গ দুর্ঘটনাটির বিষয়ে একটি প্রাথমিক তদন্তের নেতৃত্ব দিয়েছেন। দুর্ঘটনাটির পিছনে গুরুতর দায়িত্বে অবহেলাজনিত কারণ জড়িয়ে আছে বলে জানিয়েছেন তিনি।
তেলের পাইপগুলো ঠিকমতো রক্ষণাবেক্ষণ না করাতেই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন তিনি। এছাড়া তেল চুইয়ে পড়ার পর সংশ্লিষ্ট এলাকাগুলোর মানুষকে সরিয়ে নিয়ে এলাকাটি বন্ধ না করাকে এত মানুষের প্রাণহানীর জন্য দায়ী করেছেন তিনি।
