২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

থাইল্যান্ডে সরকারবিরোধী বিক্ষোভ

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার পদত্যাগের দাবিতে সরকার বিরোধী বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2013, 06:34 PM

Updated : 23 Aug 2022, 07:20 PM

সোমবার দ্বিতীয় দিনের মতো এ বিক্ষোভ করে মানুষ। ২০১০ সালের রাজনৈতিক অস্থিরতার পর এটি দেশটিতে বড় ধরনের বিক্ষোভ।

রোববার বিশাল বিক্ষোভ মিছিলের পরদিন শহরের কয়েকটি জায়গায় মিছিল করে মানুষ। অর্থমন্ত্রণালয়সহ বিভিন্ন সরকারি কার্যালয়, সামরিক ঘাঁটি এবং রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলগুলোতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

পুলিশের কড়া পাহারার মধ্যেই ইংলাক সিনাওয়াত্রার পদত্যাগের দাবিতে স্লোগান দেয় প্রায় ৩০ হাজার বিক্ষোভকারী।

সরকার সমর্থিত একটি সাধারণ ক্ষমা আইনের বিরুদ্ধে থাইল্যান্ডে গত মাসে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়। এ আইনটির ফলে থাইল্যান্ডের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী এবং ইংলাকের ভাই থাকসিন সিনাওয়াত্রার অবাধে দেশে ফিরে আসার পথ সুগম হতে পারে।


ক্ষমার ওই বিলটি আপাতত বাদ থাকলেও ইংলাকের সরে দাঁড়ানোসহ গোটা সরকার পরিবর্তনের দাবিতে থাইল্যান্ডে বিক্ষোভ জোরদার হচ্ছে। কারণ, ইংলাক তার ভাই থাকসিনের বিকল্প হিসাবে কাজ করছেন বলেই ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে। দুবাই থেকে থাই সরকারের নীতিমালার ওপর প্রভাব খাটাচ্ছেন থাকসিন সিনাওয়াত্রা।

ব্যাংককের চুলালংকর্ণ বিশ্ববিদ্যালয়ের এক রাজনীতি বিশ্লেষক বলেছেন, এ সপ্তাহটা খুবই উত্তেজনাপূর্ণ। সরকারের হাতে বিকল্প খুবই সীমিত।

তবে মঙ্গলবার অনাস্থা বিতর্কের মুখে থাকা প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা এরই মধ্যে বলেছেন, তিনি পদত্যাগ করবেন না।

সাংবাদিকদের তিনি বলেন, “আমার পদত্যাগ করা কিংবা পার্লামেন্ট ভেঙে দেয়ার কোনো পরিকল্পনা নেই”।