নিজেদের বোমাতেই সাত জঙ্গির মৃত্যু
পাকিস্তানের অস্থিরতা কবলিত উত্তর ওয়াজিরিস্তানের মির আলি টাউনে আত্মঘাতী হামলার প্রস্তুতিকালে বিস্ফোরণে অন্ততপক্ষে সাত সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছেন। এ ঘটনায় আরো পাঁচজন আহত হয়েছেন।
মঙ্গলবার এ ঘটনা ঘটেছে বলে পাকিস্তানের নিরাপত্তা সূত্রগুলোর বরাত দিয়ে জানিয়েছে দ্য ডন।
মিরালি তেহশিলের মোসাকি গ্রামের কাছে আত্মঘাতী গাড়িবোমা হামলার প্রস্তুতি নিচ্ছিল জঙ্গিরা। কিন্তু দুর্ঘটনাক্রমে বিস্ফোরকভর্তি গাড়িটি বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই চারজঙ্গি নিহত হন।
মির আলি হাসপাতালে নেওয়ার পর আরো তিন জঙ্গি মারা যায়।
নিহতদের মধ্যে বান্নু অঞ্চলের বাকা খেল এলাকার তালেবান নেতা সফিউদ্দিনও আছেন বলে জানা গেছে।
তালেবানের পক্ষ থেকেও সফিউদ্দিনের নিহত হওয়ার কথা নিশ্চিত করা হয়েছে।
দুর্ঘটনার কথা অস্বীকার করে এক তালেবান জঙ্গি দাবি করেছে, তাদের গাড়ির ওপর আত্মঘাতী হামলা চালানো হয়েছে।
তেহরিক ই তালেবান পাকিস্তানের (টিটিপি) নেতৃত্বে পরিচালিত বিদ্রোহে উত্তর ওয়াজিরিস্তান স্থবির হয়ে আছে। এদের সঙ্গে আল কায়েদা ও অন্যান্য উগ্রপন্থী ইসলামি সংগঠনগুলো যুক্ত হয়ে পরিস্থিতি আরো নাজুক করে তুলেছে।
