২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিস্তিনি শান্তি আলোচক দলের পদত্যাগ

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের অবৈধ বসতি নির্মাণকে কেন্দ্র করে শান্তি আলোচনায় কোনো অগ্রগতি না হওয়ায় তার আলোচকদলের সবাই পদত্যাগ করেছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 14 Nov 2013, 01:30 PM

Updated : 25 Apr 2022, 07:31 PM

এতে করে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সম্প্রতি ইসরায়েল-ফিলিস্তিনের মধ্যে নতুন করে সচল হওয়া শান্তি আলোচনা আরেকবার বিপর্যয়ের মুখে পড়ল বলেই মনে করা হচ্ছে।

তবে মিশরের সিবিসি টিভিতে এক সাক্ষাৎকারে আব্বাস বলেছেন, ফিলিস্তিনি শান্তি আলোচকরা তাদের সিদ্ধান্তে অনঢ় থাকলেও আলোচনা চলবে।

তিনি বলেন, “হয় আমরা তাদেরকে আলোচনায় ফেরার জন্য রাজি করাব, সে চেষ্টা চলছে, নয়ত আমরা নতুন একটি আলোচক দল নিয়োগ দেব”।

আলোচক দল কখন পদত্যাগ করেছে আব্বাসের কথায় তা স্পষ্ট জানা যায়নি। তবে আলোচনা পুনরায় শুরু করতে এক সপ্তাহ লাগবে বলে জানিয়েছেন তিনি।

পদত্যাগ করা আলোচকদের মধ্যে প্রধান আলোচক সায়েব এরাকাতও রয়েছেন বলে শোনা গেছে। তবে এরাকাত এ খবরের ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি। তবে তিনি কেবল বলেছেন, ইসরায়েলের সঙ্গে আলোচনা স্থবির হয়ে গেছে।

তিনি বলেন, “প্রকৃত অর্থে ইসরায়েল নতুন ইহুদি বাড়ি নির্মাণের ঘোষণা দেয়ার পর গত সপ্তাহেই আলোচনা স্থগিত হয়ে যায়”।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত মঙ্গলবার পশ্চিম তীরে আরো কয়েক হাজার নতুন বাড়ি নির্মাণের ঘোষণা দেন।

তার এ ঘোষণায় নতুন ফিলিস্তিনিদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।