বিঘ্ন ঠেলে ফের ছুটছে মঙ্গলযান
ইঞ্জিনের গোলযোগ কাটিয়ে ফের মঙ্গলগ্রহের পথে ছুটছে ভারতের নভোযান মঙ্গলযান।
উৎক্ষেপণের এক সপ্তাহের মাথায় সোমবার যানটির ইঞ্জিনে গোলযোগ দেখা দেয়। ফলে বাধা পড়ে ভারতের মঙ্গলযাত্রায়।
তবে বাধা সামলে পরে আবার মঙ্গলের উদ্দেশ্যে ছুটেছে মঙ্গলযান।
প্রযুক্তিগত ত্রুটির কারণে নভোযানটি পৃথিবীর কক্ষপথে ঢুকতে পারছিল না।কিন্তু ইঞ্জিনের গোলযোগ কাটিয়ে ওঠার পর মঙ্গলযান এ চেষ্টায় সফল হয়।
ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্রর (আইএসআরও) বিজ্ঞানীরা এখন নভোযানটিকে পরিকল্পনামাফিক পৃথিবীর উচ্চতর কক্ষপথে নিতে পেরেছেন।
চলতি মাসের শেষ পর্যন্ত এটি পৃথিবীর কক্ষপথে থাকবে এবং পর্যাপ্ত শক্তি অর্জন করে মঙ্গলের কক্ষপথে ঢুকবে।
মানুষবিহীন এ মঙ্গলযান নির্মাণে ভারতের ব্যয় হয়েছে ৪শ’ ৫০ কোটি রুপি ।
আইএসআরও জানিয়েছে, মঙ্গলযান মঙ্গলের চারদিকে একটি উপবৃত্তকার কক্ষপথে গ্রহটিকে প্রদক্ষিণ করবে। এতে ১৫ কেজি বৈজ্ঞানিক যন্ত্রপাতি থাকবে।
এসব যন্ত্রপাতি দিয়ে মঙ্গল গ্রহে প্রাণ, আবহাওয়া, ভূতত্ত্ব, গ্রহটির উৎপত্তি ও বিবর্তন এবং গ্রহটিতে প্রাণের টিকে থাকার সামর্থ্য পরীক্ষা করা হবে।
ভারতের এ মঙ্গল অভিযান সফল হলে বিশ্বে যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং ইউরোপের সফল মঙ্গল অভিযানের পর ভারত চতুর্থ অবস্থান দখল করে নেবে।
