ফিলিপাইনে হাইয়ানে শতাধিক প্রাণহানি
স্থলে আঘাত হানা বিশ্বের স্মরণকালের সবচেয়ে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় হাইয়ানের আঘাতে ফিলিপাইনের ট্যাকলোবান শহরে অন্ততপক্ষে ১শ’ জন নিহত হয়েছেন বলে দেশটির এক কর্মকর্তা জানিয়েছেন।
ঘূর্ণিঝড়টির আঘাতে ফিলিপাইনের কেন্দ্রীয় এই শহরটি প্রায় বিধ্বস্ত হয়ে গেছে।
ফিলিপাইনের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের উপ মহাপরিচালক ক্যাপ্টেন জন অ্যান্ড্রুজ এর উদ্ধৃতি দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি অনলাইন।
প্রাণহীন দেহগুলো ট্যাকলোবানের রাস্তায় শায়িত ছিল বলে জানিয়েছেন অ্যান্ড্রুজ।
শুক্রবার সকালে ঘূর্ণিঝড়টি ঘণ্টায় ৩৮৯ কিলোমিটার (২৩৫ মাইল) বেগে ফিলিপাইনের কেন্দ্রীয় অঞ্চলে আঘাত হানে। ঘূর্ণিঝড়ের সঙ্গে ১৫ মিটার (৪৫ ফুট) উচ্চতার জলোচ্ছ্বাসও উপকূলে আঘাত হানে, পাশাপাশি ৪শ’ মিলিমিটার বৃষ্টিপাত হয়।
বাতাসের এ প্রবল বেগে ট্যাকলোবান শহরের ভবনগুলো মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় এবং ব্যাপক ভূমিধসের ঘটনা ঘটে। দুর্গত এলাকার বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে।
