২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিপাইনে প্রলয়ঙ্করী ঝড়, নিহত ৩

চলতি বছরের সবচেয়ে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় হাইয়ান ঘণ্টায় ২৩৫ কিলোমিটার (১৪৬ মাইল) বেগে হাজার দ্বীপের দেশ ফিলিপাইনে আঘাত হেনেছে।

নিউজ ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2013, 11:44 AM

Updated : 13 Oct 2022, 03:02 PM

পুরনো খবর:

‘সবচেয়ে শক্তিশালী ঝড়ের মুখে ফিলিপাইন’

এতে অন্তত ৩ জন নিহত এবং ৭ জন আহত হওয়ার কথা এক সংবাদ ব্রিফিংয়ে জানিয়েছেন জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র রে বালিডো।


ঝড়ে বৈদ্যুতিক তার ছিঁড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজন নিহত হয়। আর অপর আরেকজন নিহত হয় বজ্রপাতে।


ঝড়ের কারণে নিরাপদ আশ্রয়ের সন্ধান করছে ২০ টি প্রদেশের লাখ লাখ মানুষ। ঝড়ে ক্ষয়ক্ষতির পূর্ণ হিসাব জানতে কয়েকদিন লেগে যাবে বলে মনে করা হচ্ছে।


কর্তৃপক্ষ সতর্ক করে দিয়ে বলেছে, ১ কোটি ২০ লাখেরও বেশি মানুষ ঝুঁকির মুখে পড়েছে।
বহু মানুষ নিহত হয়ে থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ফিলিপাইনের সেভ দ্য চিলড্রেন পরিচালক আন্না লিনডেনফোর্স।


শুক্রবার ভোরে হাইয়ান সামারের উপকূলে আঘাত হানে। লেতে এবং সামার দ্বীপ ছাড়াও উত্তরাঞ্চলীয় সেবু শহরের ওপর দিয়েও ঝড় বয়ে যায়। সামার, লেতে এবং বোহলে বিদ্যুৎ সংযোগ ও যোগাযোগ প্রায় সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানিয়েছেন সংবাদদাতারা।


আবহাওয়াবিদরা জানিয়েছেন, প্রাথমিকভাবে ঘূর্ণিঝড়টির গতি-প্রকৃতি সর্ম্পকে স্যাটেলাইটের মাধ্যমে পাওয়া তথ্যে এটিকে ভূখণ্ডে আঘাত হানা সর্বকালের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছে বিবিসি অনলাইন।

শেষ খবর পাওয়া পর্যন্ত ঘূর্ণিঝড়টি ফিলিপাইনের পূর্বাঞ্চলীয় সামার প্রদেশের গুইউয়ান শহর থেকে ৬২ কিলোমিটর দক্ষিণ-পূর্বে ছিল বলে জানিয়েছে দেশটির জাতীয় আবহাওয়া দপ্তর।

যে পথে ঘূর্ণিঝড়টির স্থলভাগ অতিক্রম করার কথা সেই পথ বরাবর সব স্কুল ও দপ্তর বন্ধ রাখা হয়। মারাত্মক ক্ষতির ভয়ে সংশ্লিষ্ট এলাকার হাজার হাজার মানুষকে সরিয়ে নেয়া হয়।

অক্টোবরে এই এলাকাটি ভূমিকম্পের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই ক্ষতি কাটিয়ে ওঠার আগেই স্মরণকালের সবচেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড়ের কবলে পড়েছে অঞ্চলটি।

শুক্রবার ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় লেইতে প্রদেশের গভর্নর রজার মারক্যাডো তার ট্যুইটার একাউন্টে জানিয়েছেন, প্রবল বাতাসের তোড়ে ভেঙে পড়া গাছপালায় রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে, এতে ত্রাণ কার্যক্রমের প্রস্তুতিতে ব্যাঘাত ঘটছে।

ঘূর্ণিঝড়টি এই এলাকার উত্তরে অবস্থিত রাজধানী ম্যানিলায় সরাসরি আঘাত হানবে না বলে ধারণা করা হচ্ছে।

সেবু প্রদেশের ত্রাণ সংস্থা ওয়ার্ল্ড ভিশনের মাই জামোরা জানিয়েছেন, প্রবল বাতাস শিস দিয়ে বয়ে যাচ্ছে এবং একটানা ভারী বৃষ্টিপাত হচ্ছে।

তিনি বলেন, “ট্যাকলোবান শহরে থাকা আমাদের সহকর্মীদের কাছ থেকে জানতে পেরেছি, সেখানে টিনের চালগুলো ঘুড়ির মতো উড়ছে। রাস্তাঘাট পানিতে ডুবে আছে।