২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘সবচেয়ে শক্তিশালী ঝড়ের মুখে ফিলিপাইন’

পশ্চিম প্রশান্ত মহাসাগরে আঘাত হানা এ বছরের সবচেয় শক্তিশালী ঝড় হাইয়ান আরো শক্তিশালী হয়ে মধ্য ফিলিপাইনে আঘাত হানতে পারে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 07 Nov 2013, 03:03 PM

Updated : 23 Aug 2022, 07:14 PM

ঝড়ের কারণে ফিলিপাইনের কর্তৃপক্ষ বৃহস্পতিবার তাদের ফেরি সার্ভিস বন্ধ করে দিয়েছে। সেই সঙ্গে মাছ ধরার নৌকাগুলোকে উপকূলে ফিরে আসতে বলেছে।

ঝড়ের কেন্দ্রের বাতাস বর্তমানে ঘণ্টার ২১৫ কিলোমিটার (১৩৩ মাইল) বেগে প্রবাহিত হচ্ছে যা বেড়ে ঘণ্টা ২৫০ কিলোমিটার হতে পারে। টাইফুন হাইয়ানকে পাঁচ মাত্রার মারাত্মক শক্তিশালী ঝড় হিসেবে বর্ণনা করা হয়েছে।

ঝড়টি বর্তমানে প্রশান্ত মহাসাগরের পশ্চিম উত্তরপশ্চিমে ৩০ কিলোমিটার বেগে এগিয়ে যাচ্ছে। ধারণা করা হচ্ছে শুক্রবার দুপুরের দিকে এটি সামার এবং লেইতের মাঝখানে থাকা দ্বীপগুলোতে আঘাত হানতে পারে।

পূর্ব সামার প্রদেশের সাংসদ বেন এভারডন বলেন, “আমি সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছি।“

“আমরা আকস্মিক যেকোনো পরিস্থিতি মোকাবেলার জন্য স্থানীয় সরকারের সমস্ত বাহিনী এবং সম্পদ কাজে লাগানোর ব্যবস্থা করেছি। আমরা এরই মধ্যে সবচেয়ে ঝুঁকিতে থাকা এলাকায় উদ্ধার অভিযান চালানোর ব্যবস্থা করেছি।“

ঝড় যেসব এলাকায় আঘাত হানতে পারে সেখানে এরই মধ্যে দমকা বাতাস এবং ভারী বর্ষণ হতে শুরু করেছে বলেও জানান তিনি।

ঝড়ের সতর্কতা হিসেবে এরই মধ্যে স্কুল এবং কিছু সরকারি অফিস বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়া বিদ্যুত এবং যোগাযোগের লাইনও বিচ্ছিন্ন করা হতে পারে।

উপকূল এবং এর আশেপাশের গ্রামে বাসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয়েছে। যদিও তাদের অনেকেই বসত ঘরের নিরাপত্তার জন্য বিভিন্ন ব্যবস্থা নিচ্ছে। বড় গাছ ছেটে ফেলা হচ্ছে এবং নৌকাগুলোকে খুব ভালো ভাবে বেঁধে রাখার ব্যবস্থা করা হয়েছে।

বিভিন্ন প্রদেশে খাবার, পানি এবং প্রয়োজনীয় অন্যান্য জিনিস সংগ্রহ করা শুরু হয়েছে।

সেপ্টেম্বরে টাইফুন উসাগি ফিলিপাইনে আঘাত হেনেছিল। উসাগিও পাঁচ মাত্রার ঝড় ছিলো। প্রতি বছর গড়ে ২০টি টাইফুন ফিলিপাইনে আঘাত হানে।

২০১১ সালে টাইফুন ওয়াশির আঘাতে ফিলিপাইনের বারশ’ মানুষ প্রাণ হারায়। বাস্তুহারা হয় প্রায় তিন লাখ মানুষ। দশ হাজারের বেশি ঘরবাড়ি ধ্বংস হয়ে যায়।

এছাড়া গত বছর আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঝড় বোফা দক্ষিণাঞ্চলের মিন্দানাও দ্বীপের তিনটি উপকূলীয় শহরে তাণ্ডব চালায়, যাতে এগারশ’ মানুষ প্রাণ হারায়। ধ্বংস হয়ে যায় ফসল, সম্পদ এবং স্থাপনা। ক্ষয়ক্ষতি ছিল প্রায় ১.০৪ বিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ।