২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গৃহবন্দিত্ব থেকে মুক্ত মুশাররফ

ইসলামাবাদের লাল মসজিদে ২০০৭ সালে সামরিক অভিযান চালিয়ে ইমাম আব্দুর রশীদ গাজিসহ ১শ’রও বেশি মানুষ হত্যা মামলায় জামিন পাওয়ার পর গৃহবন্দিত্ব থেকে মুক্তি পেয়েছেন সাবেক পাক সেনা শাসক পারভেজ মুশাররফ।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2013, 04:41 PM

Updated : 25 Apr 2022, 07:29 PM

গত সোমবার লাল মসজিদ মামলায় মুশাররফের জামিন মঞ্জুর করে আদালত।

এর দু’দিন পর মুচলেকা হিসেবে দু’লাখ রুপি জমা দিয়ে গৃহবন্দিত্ব থেকে মুক্তি পেলেন তিনি। দেশে মুশাররফ অবাধে চলাফেরাও করতে পারবেন বলে জানিয়েছেন জেলের কর্মকর্তারা।

তবে সরকারের ‘এক্সিট এন্ড কন্ট্রোল’ লিস্টে থাকার কারণে তিনি দেশ ত্যাগ করতে পারবেন না। তাছাড়া জীবননাশের আশঙ্কার কারণে তিনি বাড়ি থেকে বের হবেন কিনা সেটিও স্পষ্ট নয়।

৪ বছরের স্বেচ্ছা নির্বাসন শেষে এ বছরের শুরুর দিকে পাকিস্তানে ফেরেন মুশাররফ। তার বিরুদ্ধে আনা সব অভিযোগকেই তিনি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করেছেন।