মিশরে সহিংসতা বন্ধের আহ্বান কেরির
মিশরে সব ধরনের সহিংসতা বন্ধ করে পূর্ণ গণতন্ত্র ও স্থিতিশীলতার পথে আগানোর আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।
প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি ক্ষমতাচ্যুত হওয়ার পর মিশরে এটিই কেরির প্রথম সফর।
এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “ইতিহাস বলে যে কোনো বিকল্প পন্থার চেয়ে গণতন্ত্রই বেশি টেকসই, কার্যকরী এবং সমৃদ্ধশালী। স্থিতিশীলতায় পর্যটন এবং বিনিয়োগের দ্বার খুলে যায়। আর দুটোতেই সৃষ্টি হয় কর্মসংস্থান”।
যুক্তরাষ্ট্র সেনা-সমর্থিত মিশর সরকারের সঙ্গে কাজ করে যেতে প্রতিশ্রুতিব্ধ বলে উল্লেখ করেন কেরি। দেশটিতে গণতন্ত্র ফিরে আসবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
যুক্তরাষ্ট্রের সঙ্গে মিশরের সম্পর্ককে শুধু সাহায্যের নিরীখে নির্ধারণ না করে বরং রাজনৈতিক এবং অর্থনৈতিক অংশীদারিত্বের ভিত্তিতে নিরূপণ করা উচিত বলে মন্তব্য করেন কেরি।
মুরসির বিচারের একদিন আগে রোববার কায়রোয় যান জন কেরি। মধ্যপ্রাচ্য, পূর্ব ইউরোপ ও উত্তর আফ্রিকায় ৯ দিনের সফরের প্রথমেই তিনি মিশরে গেলেন।
সোমবার মুরসিসহ তার দল মুসলিম ব্রাদারহুডের ঊর্ধ্বতন ১৪ সদস্যের বিচার হওয়ার কথা রয়েছে।
তবে মুরসির বিচারকাজের সঙ্গে কেরির এ সফরের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা।
গত ৩ জুলাইয়ে সেনাবাহিনীর হাতে মুরসি ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র এবং মিশরের মধ্যে সম্পর্কের অবনতি হতে থাকে।
এরপর মুরসির দল মুসলিম ব্রাদারহুডের ওপর দমনাভিযানে দেশটির অন্তর্বর্তী সরকারকে বরাবরই সংযত আচরণ করার আহ্বান জানিয়ে এসেছে ওয়াশিংটন।
