মুরসির বিচারের আগে মিশরে কেরি
মিশরে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির বিচারের একদিন আগে দেশটির সেনা-সমর্থিত সরকারের সঙ্গে আলোচনা করতে কায়রো গেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।
মধ্যপ্রাচ্য, পূর্ব ইউরোপ ও উত্তর আফ্রিকায় ৯ দিনের সফর শুরুর প্রথম দিনে রোববার কেরি কায়রো গেলেন।
সোমবার মুরসিসহ তার দল মুসলিম ব্রাদারহুডের ঊর্ধ্বতন ১৪ সদস্যের বিচার হওয়ার কথা রয়েছে।
মিশরের রাজনৈতিক উত্তরণ এবং ওয়াশিংটনের সঙ্গে দেশটির দ্বিপক্ষীয় সম্পর্কে এর প্রভাব নিয়ে আলোচনা করবেন কেরি। মিশরের পররাষ্ট্রবিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা একথা বলেছেন।
তবে মুরসির বিচারকাজের সঙ্গে কেরির এ সফরের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা।
গত ৩ জুলাইয়ে সেনাবাহিনীর হাতে মুরসি ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র এবং মিশরের মধ্যে সম্পর্কের অবনতি হতে থাকে।
এরপর মুরসির দল মুসলিম ব্রাদারহুডের ওপর দমনাভিযানে দেশটির অন্তর্বর্তী সরকারকে বরাবরই সংযত আচরণ করার আহ্বান জানিয়ে এসেছে ওয়াশিংটন।
মিশর সফরকালে কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে কেরি আইনের শাসন অনুসরণ করে চলার গুরুত্বের ওপর জোর দেবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রণালয়ের কর্মকর্তারা।
তারা আরো জানান, সব মিশরীয়র ন্য স্বচ্ছ এবং খোলামেলা বিচার প্রক্রিয়ার পাশাপাশি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত গ্রেপ্তার এড়িয়ে চলারও আহ্বান জানাবেন কেরি।
৯ দিনের সফরে কেরি সৌদি আরব, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, আলজেরিয়া এবং মরোক্কো যাবেন।
