আফ্রিকার জলদস্যুদের ৪০ কোটি ডলার মুক্তিপণ আদায়
দ্য হর্ন অব আফ্রিকার জলদস্যুরা ২০০৫ সাল থেকে ২০১২ সালের মধ্যে মুক্তিপণ হিসেবে ৪০ কোটি মার্কিন ডলারের বেশি আদায় করেছে।
বিশ্ব ব্যাংক এবং জাতিসংঘের নতুন একটি রিপোর্টে এ তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে বিবিসি।
এই অর্থ পরে অন্যান্য অপরাধমূলক কার্যক্রম যেমন- অবৈধ অস্ত্র ব্যবসা এবং মানব পাচারের মতো কাজে ব্যবহার করা হয়। নৌপথে ব্যবসা-বাণিজ্য এবং মানবিক সাহায্য আদান-প্রদানে বিশ্বের বড় পথগুলোর একটি এটি।
প্রতিবেদনে বলা হয়, বেশির ভাগ ক্ষেত্রে দস্যুতা কার্যক্রমের জন্য অর্থের যোগান দাতা বা জলদস্যুরা মুক্তিপণের অর্থ সংগ্রহ করে না। বরং অর্থ লেনদেন কার্যক্রম একটি আার্থিক টাস্ক ফোর্সের মাধ্যমে পরিচালিত হয়।
মুক্তিপণের ৩০ থেকে ৫০ শতাংশ অর্থ যায় দস্যুতা কার্যক্রমের জন্য অর্থের যোগানদাতা শীর্ষ ব্যক্তির পকেটে। আর জলদস্যুরা যাদের ‘ফুট সোলজারস’ বলা হয় তারা একটি ফি (০.০১-০.০২৫ শতাংশ) পায় মাত্র।
জাহাজ প্রতি ৩০ থেকে ৭৫ হাজার মার্কিন ডলার মুক্তিপণ আদায় করা হয়।
প্রতিবেদনে আরো বলা হয়, সোমালিয়ার স্থানীয় জনগণ জলদস্যুদের খাবার এবং বিভিন্ন সেবা যেমন- সারানোর কাজ এবং খাট সরবরাহ করে থাকে।
খাট উদ্ভিদ থেকে তৈরি এক ধরনের মদ যেটা সোমালিয়ায় বৈধ।
জলদস্যুদের পক্ষ থেকে জানানো হয়, মুক্তিপণ থেকে আদায় অর্থ অপরাধমূলক কার্যক্রম এবং বৈধ ব্যবসা উভয় ক্ষেত্রেই বিনিয়োগ করা হয়।
প্রতিবেদনের সহ-লেখক স্টুয়ার্ট ইকোনা বলেন, “প্রতিরোধহীন এই জলদস্যুতা শুধু স্থীতিশীলতা এবং নিরাপত্তা ব্যবস্থাই ধ্বংস করছে না বরং এটা ওই অঞ্চল এবং আন্তর্জাতিক অর্থনীতিকে দুর্নীতিগ্রস্ত করে তুলছে।“
এটা বন্ধের জন্য জলদস্যুতা থেকে আসা অর্থের যোগানের ওপর নজরদারি বৃদ্ধি, সীমান্তে নিয়ন্ত্রণ ব্যবস্থার আরো উন্নতি এবং আঞ্চলিক সহযোগিতা আরো বৃদ্ধি করার পরামর্শ দেয়া হয়েছে।
ইউরোপিয়ান ইউনিয়নভূক্ত ১০টির বেশি দেশের নৌবাহিনী বর্তমানে দ্য হর্ন অব আফ্রিকায় পাহারা দিচ্ছে।
এছাড়া ২০০৮ সালে কার্যক্রম শুরু করা জলদস্যুতাবিরোধী বাহিনীর কার্যক্রম এ বছরের শুরুতে আরো সম্প্রসারিত করা হয়ছে। সোমালিয়া উপকূলে জলদস্যু সন্দেহে যে কারো ওপর আক্রমণ করার ক্ষমতা তাদের দেয়া হয়েছে।
