২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনের তিয়ানআনমেন স্কয়ারে গাড়িতে আগুন, নিহত ৫

চীনের রাজধানী বেইজিংয়ের তিয়ানআনমেন স্কয়ারে দুর্ঘটনা কবলিত গাড়িতে আগুন লেগে গাড়ির তিন আরোহীসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ৩৮ জন।

নিউজ ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2013, 01:18 PM

Updated : 23 Aug 2022, 07:10 PM

সোমবার দুপুরে এ ঘটনা ঘটে বলে চীনের রাষ্ট্র নিয়ন্ত্রিত বার্তা সংস্থার বরাত দিয়ে জানিয়েছে বিবিসি অনলাইন।

গাড়ির তিন আরোহী বাদে নিহত বাকী দুজনের মধ্যে একজন ফিলিপাইনের নারী পর্যটক ও অপরজন চীনের গুয়াংডঙ প্রদেশ থেকে আগত এক পুরুষ পর্যটক। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকার সময় নিয়ন্ত্রণহীন হয়ে ফুটপাতে উঠে পড়া গাড়িটি তাদের চাপা দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চলন্ত একটি গাড়ি হঠাৎ মোড় নিয়ে ফুটপাতের ওপর উঠে পড়ে লোকজনকে চাপা দেয়, আর পরপরই গাড়িটিতে আগুন ধরে যায়। তিয়ানআনমেন স্কয়ারে টাঙানো গণচীনের প্রতিষ্ঠাতা মাও জে দংয়ের বিশাল ছবির সামনের জায়গায় এ ঘটনা ঘটে।

তিয়ানআনমেন স্কয়ারের উত্তরপাশের এই জায়গাটির পাশেই বেইজিংয়ের বিখ্যাত ‘নিষিদ্ধ শহরের’ প্রবেশ পথ।

গাড়ির ভিতরে তিনজন ও রাস্তায় দাঁড়িয়ে থাকা দুজন পর্যটক নিহত হয়েছেন বলে নিজেদের মাইক্রোব্লগ একাউন্টে জানিয়েছে বেইজিং পুলিশ।

জননিরাপত্তা মন্ত্রীসহ চীনের কেন্দ্রীয় সরকার ও বেইজিং স্থানীয় সরকার কর্তৃপক্ষের নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার তদন্ত চলছে এবং আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, জনতার ভিড়ে একটি জিপ উঠে গিয়ে আগুন ধরে গেলে জিপটির চালক ও দুজন আরোহী নিহত হন।

আহতদের মধ্যে কয়েকজন পুলিশ কর্মকর্তা থাকার কথা জানিয়েছে সিনহুয়া।

চীনা সরকার এ ঘটনাকে সন্ত্রাসী হামলা মনে করে কিনা, এমন প্রশ্নের উত্তরে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনইয়িং বলেন, ঘটনার বিষয়বস্তু সম্পর্কে তিনি জানেন না তাই এ বিষয়ে কোনো মন্তব্যও করতে পারবেন না।