রাসায়নিক অস্ত্র ধ্বংস পরিকল্পনা পেশ সিরিয়ার
সিরিয়া সরকার রাসায়নিক অস্ত্র ধ্বংসের পরিকল্পনা পেশ করেছে। হেগভিত্তিক রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংগঠন (ওপিসিডব্লিউ) এক বিবৃতিতে একথা জানিয়েছে।
রোববারের এ বিবৃতিতে বলা হয়, পূর্ব নির্ধারিত সময়ের তিন দিন আগেই এ পরিকল্পনা পেশ করেছে সিরিয়া। এ পরিকল্পনা অনুযায়ীই সিরিয়ার ঘোষিত রাসায়নিক অস্ত্রবান্ডার এবং রাসায়নিক অস্ত্র উৎপাদনের হাতিয়ারগুলো পুরোপুরি ধ্বংসের কর্মসূচি চলবে।
সিরিয়ার ঘোষিত ২৩টি অস্ত্রভান্ডারের শেষ ৪টি (ওপিসিডব্লিউ)স্থান পরিদর্শন শেষ করার পথে রয়েছেন অস্ত্র পরিদর্শকরা।
অগাস্টে সিরিয়ার রাজধানীর কাছে রাসায়নিক অস্ত্র ব্যবহারকে কেন্দ্র করে বিশ্বব্যাপী ক্ষোভের মুখে দেশটিতে রাসায়নিক অস্ত্র ধ্বংস করতে বিশেষজ্ঞদল পাঠায় ওপিসিডব্লিউ।
১ অক্টোবর থেকে সিরিয়ায় আছে ৬০ জন পরিদর্শক। ওপিসিডব্লিউ শুক্রবার বলেছে, সিরিয়ায় তাদের পরিদর্শকদল ঘোষিত ২৩ টি স্থানের মধ্যে ১৯ টি পরিদর্শন করেছে।
জাতিসংঘ প্রস্তাবনা অনুযায়ী, সিরিয়ার রাসায়নিক অস্ত্র উৎপাদনের হাতিয়ারগুলো ১ নভেম্বরের মধ্যে ধ্বংস করতে হবে। আর অস্ত্রভান্ডারগুলো ধ্বংস করতে হবে ২০১৪ সালের মাঝামাঝি সময়ের মধ্যে।
