২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওবামার সম্মতিতেই মের্কেলের ফোনে নজরদারি!

জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মের্কেলের ফোনে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসএ) নজরদারির কথা প্রেসিডেন্ট বারাক ওবামা ২০১০ সাল থেকেই জানতেন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2013, 11:51 PM

Updated : 23 Aug 2022, 07:09 PM

নতুন এক প্রতিবেদনে এমন কথাই জানিয়েছে জার্মানির বিল্ড পত্রিকা।

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সূত্রগুলোর উদ্ধৃতি দিয়ে রোববার পত্রিকাটি জানায়, মের্কেলের ওপর নজরদারির গোপন অভিযানের কথা ২০১০ সালে ওবামাকে ব্রিফ করেছিলেন এনএসএ’র তৎকালীন প্রধান কেইথ অ্যালেক্সান্ডার।

ঊর্ধ্বতন এক এনএসএ কর্মকর্তার বরাত দিয়ে পত্রিকাটি জানায়, কেইথের কাছ থেকে বিষয়টি জানার পরও ওবামা এই গোয়েন্দা নজরদারি থামাতে বলেননি। বরং তা চালিয়ে যেতে বলেন। বিবিসি এ খবর দিয়েছে।

এর আগে গত ২০০২ সাল থেকে মের্কেলের ফোনে এনএসএ’র আড়িপাতার খবর প্রকাশ করেছে জার্মানির দার স্পাইগেল ম্যাগাজিন।

মের্কেল চ্যান্সেলর নির্বাচিত হওয়ার আগে থেকেই এ নজরদারি চলছে এবং চলতি বছরেও তার নাম্বার তালিকায় ছিল বলে দাবি করা হয়েছে পত্রিকাটিতে।

এ পরিস্থিতিতে বিল্ড পত্রিকার নতুন ওই প্রতিবেদনে মার্কিন গুপ্তচরবৃত্তি নিয়ে যুক্তরাষ্ট্র-জার্মানি টানাপোড়েনের সম্পর্কের মধ্যে নতুন করে প্রশ্ন দেখা দিচ্ছে।

বুধবার মোবাইল ফোনে আড়িপাতার প্রথম খবরটি জানার পরই মের্কেল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে ফোন করেন।

দার স্পাইগেল জানায়, ওবামা তখন এ ঘটনার জন্য মের্কেলের কাছে ক্ষমা চেয়েছিলেন এবং বলেছিলেন, তিনি এ ব্যাপারে কিছু জানতেন না। জানলে তিনি তা থামাতেন।