২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মের্কেলের ফোনে ২০০২ সাল থেকে আড়িপেতেছে যুক্তরাষ্ট্র

জার্মানির দার স্পাইগেল ম্যাগাজিন জানিয়েছে, দেশটির চ্যান্সেলর আঙ্গেলা মের্কেলের ফোনে ২০০২ সাল থেকে আড়ি পেতেছে যুক্তরাষ্ট্র।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 27 Oct 2013, 04:02 PM

Updated : 25 Apr 2022, 07:26 PM

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ)’র গোপন নথির ভিত্তিতে শনিবার এক প্রতিবেদনে একথা জানিয়েছে পত্রিকাটি।

এতে বলা হয়েছে, এনএসএ’র ‘স্পেশাল কালেকশন সার্ভিস’ (এসসিএস) জার্মান চ্যান্সেলরের ফোনকে ২০০২ সাল থেকে ‘জিই চ্যান্সেলর মের্কেল’ নামে তালিকাভুক্ত করেছে।

এখনো এ তালিকায় মের্কেলের ফোন নম্বর আছে বলে উল্লেখ করেছে দার স্পাইগেল।

আঙ্গেলা মের্কেলের ফোনে আড়িপাতাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও জার্মানির মধ্যে টানাপোড়েন চলার মধ্যে এ নতুন খবর দিল ম্যাগাজিনটি।

এ সপ্তাহে মের্কেলের মোবাইল ফোনে আড়িপাতার খবরে ক্ষুব্ধ হয়ে প্রথমবারের মতো মার্কিন রাষ্ট্রদূতকে তলব করে জার্মানি।

তবে মোবাইলে কি ধরনের আড়িপাতা হয়েছে সেটি নথি থেকে পরিষ্কার হয়নি বলে জানিয়েছে দার স্পাইগেল।

চ্যান্সেলরের কথপোকথন রেকর্ড করা হয়ে থাকতে পারে কিংবা তার যোগাযোগগুলো খতিয়ে দেখা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আড়িপাতা সংক্রান্ত তদন্তে জার্মানির গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা অচিরেই ওয়াশিংটন সফর করবেন বলে জানিয়েছে দেশটির সরকার।