মার্কিন গুপ্তচরবৃত্তি: ব্যাহত হতে পারে সন্ত্রাসবিরোধী লড়াই
গুপ্তচরবৃত্তি করে যুক্তরাষ্ট্র যে বিশ্বাসহীনতার পরিচয় দিয়েছে তা সন্ত্রাসবিরোধী লড়াইয়ের ক্ষতি ডেকে আনতে পারে।
ব্রাসেলস বৈঠকে একথা বলেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা।
নেতাদের সর্বসম্মত এক বিবৃতিতে শুক্রবার বলা হয়েছে, “আস্থার অভাবে গোয়েন্দা তথ্য সংগ্রহে সহযোগিতা ব্যাহত হতে পারে”।
এতে আরো বলা হয়, মার্কিন গুপ্তচরবৃত্তির সর্বসাম্প্রতিক খবর ইউরোপীয় দেশগুলোর মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে।
নেতাদের আলোচনায় উঠে এসেছে ইউরোপ এবং যুক্তরাস্ট্রের মধ্যকার ঘনিষ্ঠ সম্পর্ক এবং এই বন্ধুত্বের গুরুত্বের বিষয়টি।
সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে গোয়েন্দা তথ্য সংগ্রহ একটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করে নেতারা বলেন, আস্থার অভাব গোয়েন্দা তথ্য সংগ্রহে বিভিন্ন দেশের কাছ থেকে প্রয়োজনীয়তা সহায়তালাভের চেষ্টা ব্যাহত হতে পারে।
বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের গোয়েন্দাবৃত্তির অসংখ্য অভিযোগ সাম্প্রতিক সময়ে পাওয়া গেছে।
সর্বশেষ জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মের্কেল এবং ইতালি সরকারের ওপর যুক্তরাষ্ট্রের গুপ্তচরবৃত্তির খবর পাওয়া গেছে।
এর আগে কোটি কোটি ফরাসি নাগরিকের ফোন কলে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা এনএসএ’র আড়িপাতার খবর পাওয়া যায়।
বৃহস্পতিবার যুক্তরাজ্যের গার্ডিয়ান পত্রিকাও এক প্রতিবেদনে জানায়, এনএসএ ৩৫ জন বিশ্বনেতার ফোনে আড়িপেতেছে বলে গোপন একটি নথি পেয়েছে তারা।
সাবেক সিআইএ কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেনের দেয়া তথ্যের ভিত্তিতে সর্বসাম্প্রতিক এ গুপ্তচরবৃত্তির খবর দেয় পত্রিকাগুলো।
স্নোডেন যুক্তরাষ্ট্রের গুপ্তচরবৃত্তির তথ্য ফাঁস করে দেশ থেকে পালিয়ে যাওয়ার পর এখন রাশিয়ায় আছেন।
