২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘মুসলিমদের ওপর নিপীড়ন মিয়ানমারের সংস্কারে হুমকি’

মিয়ানমারে সংখ্যালঘু মুসলিমদের ওপর নৃশংসতা দেশটির অর্থনৈতিক ও রাজনৈতিক সংস্কারের পথে বড় হুমকি হয়ে উঠেছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 25 Oct 2013, 02:46 PM

Updated : 23 Aug 2022, 07:09 PM

জাতিসংঘের কর্মকর্তারা বৃহস্পতিবার এ কথা জানান।

দীর্ঘ অর্ধশতাব্দী ধরে চলা সামরিক শাসনের অবসান ঘটিয়ে দুই বছর আগে গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে দেশটি।

মিয়ানমার সরকার জানিয়েছে, ২০১২ সালের জুন এবং অক্টোবরে রাখাইন বৌদ্ধ এবং রোহিঙ্গা মুসলিমদের মধ্যে সংঘর্ষে অন্ততপক্ষে ১৯২ জন প্রাণ হারিয়েছেন।

বরাবরের মতোই দেশটির সরকারের কথিত দাবি, রোহিঙ্গা মুসলিমদের বেশিরভাগই বাংলাদেশ থেকে আসা অবৈধ অভিবাসী। যদিও কয়েক প্রজন্ম ধরে তারা সেখানে বসবাস করছে।

এই দাঙ্গা দেশটির অন্যান্য অঞ্চলেও অস্থিরতা সৃষ্টি করেছে। মিয়ানমারের মোট ছয় কোটি জনসংখ্যার ৫ শতাংশ মুসলিম।

মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য জাতিসংঘ নিযুক্ত বিশেষ প্রতিনিধি টমাস ওজেয়া কুইনতানা বলেন, “প্রেসিডেন্ট থেইন সেইন জনসম্মুখে প্রশংসনীয় কিছু বক্তৃতা রেখেছেন, যেখানে তিনি মিয়ানমারের বিভিন্ন ধর্মীয় এবং জাতিগত মানুষদের মধ্যে বিশ্বাস, সম্মান এবং সমবেদনার প্রয়োজনের ওপর জোর দিয়েছেন।“

“যদিও হুমকির মুখে থাকা সংখ্যালঘু জনগণকে রক্ষা করতে এবং বৈষম্যমূলক মনোভাবের বিস্তার রোধ করতে সরকারকেই বেশির ভাগ কাজ করতে হবে,” বলেন কুইনতানা।

২০১১ সালে সামরিক শাসনের অবসান ঘটিয়ে আপাতদৃষ্টিতে অসামরিক সরকারের প্রধান হন থেইন সেইন।

দেশে রাজনৈতিক সংস্কারের অংশ হিসেবে সেইন শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী বিরোধী দলের নেতা
অং সান সুচিকে রাজনীতিতে ফিরে আসার এবং বেশ কয়েকবার বিদেশ ভ্রমণের অনুমতি দেন।

দীর্ঘ প্রায় ১৫ বছর গৃহবন্দী ছিলেন সুচি।

মিয়ানমারের উত্তরাঞ্চলের রাখাইন রাজ্য দেশটির দরিদ্রতম অঞ্চলগুলোর একটি। এখানে প্রায় ১০ লাখ রোহিঙ্গা মুসলিম বাস করে। ২০১২ সালের দাঙ্গায় কয়েকশ’ মুসলিম নিহত হওয়ার পাশাপাশি প্রায় এক লাখ ৪০ হাজার রোহিঙ্গা গৃহহারা হায়েছে। সেই দাঙ্গার রেশ ২০১৩ সালেও চলছে।

কুইনতানা বলেন, “রহিঙ্গা রাজ্যের পরিস্থিতি পুরো মিয়ানমারজুড়ে মুসলিমবিরোধী মনোভাবকে উসকে দিচ্ছে। যেটা দেশটির চলমান সংস্কার কার্যক্রমে বড় হুমকি হয়ে দেখা দিতে পারে।”

“মুসলিমদের বিশেষ করে রোহিঙ্গা জনগণের প্রতি এই বৈষম্যের বিষয়টি নিয়ে এখনো কোনো ধরনের সমাধান আলোচনা শুরু হয়নি।”