২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ড্রোন হামলার পক্ষে হোয়াইট হাউসের সাফাই

বিদেশে যুক্তরাষ্ট্রের চালক বিহীন বিমান (ড্রোন) হামলা নিয়ে সমালোচনার ঝড় ওঠার পর হোয়াইট হাউস এর প্রতিক্রিয়ায় এ ধরনের হামলার পক্ষে সাফাই গেয়েছে হোয়ইট হাউস।

নিউজ ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2013, 03:53 PM

Updated : 25 Apr 2022, 07:25 PM

পাকিস্তান, ইয়েমেনসহ বেশ কিছু দেশে ড্রোন হামলা চালানোকে বৈধ দাবি করেছে ওয়াশিংটন।

মার্কিন ড্রোন হামলা নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনও প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র।

পাকিস্তানে যুক্তরাষ্ট্রে ড্রোন হামলায় বেসামরিক নাগরিক হতাহতের পরিসংখ্যান দিয়ে প্রকাশিত অ্যামনেস্টির প্রতিবেদন ওবামা প্রশাসন এখনো পর্যালোচনা করে দেখছে বলে জানিয়েছেন হোয়াইট হাউজের মুখপাত্র জে কার্নি।

নাগরিক হতাহতের সংখ্যা নিয়ে অ্যামনেস্টির প্রতিবেদন এবং হোয়াইট হাউজের মূল্যায়নের মধ্যে বড় ধরনের ব্যবধান আছে বলে দাবি করেন তিনি।

আল-জাজিরা জানায়, মঙ্গলবার এক বিবৃতিতে কার্নি মানবাধিকার গ্র“পগুলোর ড্রোন হামলার সমালোচনামূলক প্রতিবেদনের বিরোধিতা করেন এবং ওই প্রতিবেদনগুলোতে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক আইন লঙ্ঘনের যে অভিযোগ করা হয়েছে তারও প্রতিবাদ করেন।

সন্ত্রাসবিরোধী লড়াইয়ে যুক্তরাষ্ট্র প্রশাসন যথেষ্ট গুরুত্বের সঙ্গে কাজ করে এবং এক্ষেত্রে সব আইনই মেনে চলা হয় বলে দাবি করেন কার্নি।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচ গতকাল এক যৌথ বিবৃতিতে ড্রোন হামলাকে অবৈধ আখ্যা দেয় এবং এর জন্য মার্কিন কর্মকর্তাদেরকে যুদ্ধাপরাধের দায়ে বিচার করা উচিত বলে মন্তব্য করে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচ এক যৌথ বিবৃতিতে উল্লেখ করে অবৈধভাবে ড্রোন হামলা চালানোর জন্য মার্কিন কর্মকর্তাদের যুদ্ধাপরাধের কাঠগড়ায় দাঁড় করানো উচিত।

পাকিস্তান, ইয়েমেন, আফগানিস্তানে বছরের পর বছর ধরে চালানো ড্রোন হামলায় হাজার হাজার মানুষ নিহত হয়েছে।