মিশরে বিচারের মুখে ৪ পুলিশ
মিশরে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির দল মুসলিম ব্রাদারহুডের আটক ৩৯ জন সদস্যকে হত্যার অভিযোগে বিচারের মুখোমুখি হয়েছে ৪ পুলিশ।
মিশরের প্রসিকিউটর জেনারেল মঙ্গলবার অপরাধ মামলায় দ্রুত ৪ পুলিশের বিচারের এ নির্দেশ দেন বলে জানিয়েছে কয়েকটি নিরাপত্তা সূত্র।
ব্রাদারহুডের ওই সদস্যরা পুলিশের গাড়িতে আটক থাকা অবস্থায় টিয়ারগ্যাসে দমবন্ধ হয়ে মারা যায়।
বিচারের নির্দেশনামায় বলা হয়েছে, “ঘটনার তদন্তে দেখা গেছে, পুলিশ কর্মকর্তারা ৪৫ জন বন্দিকে একটি যানে করে হাজতে নিয়ে যাচ্ছিল। ওই যানে ২৪ জনের বেশি মানুষ ধারণ ক্ষমতা ছিলনা। এ অবস্থায় যানের পেছনে ভেতরের দিকে টিয়ারগ্যাস ছোড়ার কারণে ৩৯ জনের মৃত্যু হয়”।
ঘটনাটি ঘটার পর থেকে তদন্ত শুরু হয় এবং ৭ জন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শেষে বিচারের এ নির্দেশ এল বলে জানিয়েছে একটি নিরাপত্তা সূত্র।
হত্যা মামলায় বিচারের আগেই ঊর্ধ্বতন চার পুলিশ কর্মকর্তাকে ৪ দিন জেলে রাখার নির্দেশ দেয়া হয়েছে এবং তিন অধস্তন কর্মকর্তা ছাড়া পেয়েছে। দাগী ৪ জনের বিরুদ্ধে বন্দিদের প্রতি অবহেলা এবং হত্যার অভিযোগ আনা হয়েছে।
