টাকার বিছানায় শোয়ার স্বপ্ন পূরণ
লক্ষ টাকার নোটের বিছানায় শুয়ে দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ করেছেন ভারতের ত্রিপুরা রাজ্যের ক্ষমতাসীন দলের এক নেতা।
এ ঘটনায় নিজেকে অপরাপর দলীয় সদস্যদের মতো ‘ভণ্ড’ না বলেও দাবি করেছেন তিনি।
ত্রিপুরার ‘কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসিস্ট)’-সিপিআই(এম) নেতা সমর আচার্যকে বিছানায় লক্ষ লক্ষ টাকার নোটের বান্ডিলের ওপর শুয়ে থাকতে দেখা গেছে স্থানীয় একটি টেলিভিশন ফুটেজে।
সমর আচার্য সদর ডুকলি বিভাগের যোগেন্দ্রনগর এলাকার সিপিএম বিভাগীয় কমিটির সদস্য এবং পেশায় আবাসন ব্যবসায়ী।
বৃহস্পতিবারের ওই টেলিভিশন ফুটেজে তার মাথায় এমনকি বুকের ওপরও টাকার বান্ডিল দেখা গেছে।
‘ফুটেজে’ তাকে বলতে শোনা যায়, “ব্যাংক অ্যাকাউন্ট থেকে ২০ লাখ রুপি তুলেছি। টাকার বিছানায় শুয়ে থাকার স্বপ্ন দেখতাম। এবার তা পূর্ণ হল। আমি পার্টির অন্য সদস্যদের মতো নই, যারা সামনে ভালোমানুষ সাজলেও আসলে প্রচুর অর্থসম্পদের মালিক।”
দলীয় নেতার এই মন্তব্যে বিব্রত ত্রিপুরার সিপিএম নেতৃত্ব। দলের ভাবমূর্তি ক্ষুন্ন করা এবং অনৈতিকভাবে অর্থ উপার্জনের জন্য দল থেকে এরই মধ্যে বহিষ্কারও করা হয়েছে আচার্যকে।
