২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিপাইনে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ১৯

ফিলিপাইনে তিনটি বাস ও চারটি ট্রাকের সংঘর্ষে ১৯ জনের মৃত্যু হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2013, 01:52 PM

Updated : 23 Aug 2022, 07:07 PM

শনিবার এ ঘটনা ঘটে বলে পুলিশের বরাত দিয়ে দ্য ডন জানিয়েছে।

রাজধানী ম্যানিলা থেকে ৭৫ মাইল দক্ষিণপূর্বাঞ্চলীয় আতিমোনান নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

টেলিভিশনে সম্প্রচারিত ফুটেজে দেখা যায়, এক লেনের একটি রাস্তায় বিধ্বস্ত বাস ও ট্রাকের পাশে রাস্তার ওপর ১০টি মৃতদেহ সারিবদ্ধভাবে কলাপাতা দিয়ে ঢেকে রাখা হয়েছে।

এ ছাড়াও একটি বাস ও একটি ট্রাক উল্টে থাকার দৃশ্যও দেখা গেছে।

আতিমোনানের পুলিশ কমান্ডার চিফ সুপারিন্টেন্ডেন্ট জমার ইউপিও বলেন, “আমরা ১৮টি মৃতদেহ উদ্ধার করেছি। অপর একটি দেহ ট্রাকের নিচে চাপা পড়েছে। সেটিও উদ্ধারের চেষ্টা চলছে।”

এক বিবৃতিতে আতিমোনানে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ম্যানিলাগামী একটি বাসের চালক নিয়ন্ত্রণ হারানোর ফলে এই দুর্ঘটনা ঘটেছে।

দুর্ঘটনায় ১৯ জন নিহত ও অন্ততপক্ষে ৩৪ জন আহত হয়েছেন। আহতদের অনেকে বাসযাত্রী।

বাসের চালক অক্ষত রয়েছেন। তাকে গ্রেপ্তার করা হয়েছে।