মস্কোয় ১৬শ’ অভিবাসী আটক
রাশিয়ার রাজধানী মস্কো থেকে জিজ্ঞাসাবাদের জন্য ১৬শ’র বেশি অভিবাসীকে আটক করেছে পুলিশ।
এক রুশ তরুণের হত্যাকাণ্ডের জের ধরে মস্কোতে তিন বছরের মধ্যে সবচেয়ে বড় অভিবাসীবিরোধী দাঙ্গার পর সোমবার তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, রোববার রাতে যে পাইকারি সবজির বাজারে তাণ্ডব চালানো হয়েছিলো সেখান থেকে ১২০০ জনকে এবং উত্তর-পশ্চিম মস্কোর একটি সবজি বাজার যেখানে অভিবাসীরা কাজ করে সেখান থেকে আরো ৪৫০ জনকে আটক করা হয়।
তবে আটকদের বিরুদ্ধে কোন নির্দিষ্ট অভিযোগ আনা হয়নি। বরং কোনো অবৈধ কাজের সঙ্গে তারা জড়িত কিনা সেটা জিজ্ঞাসাবাদের জন্যই তাদের সবাইকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে বলেছেন, গত তিন বছরে রাশিয়ার অভিবাসীরা বিশেষ করে ককেশীয় এবং মধ্য এশিয়ার দেশ থেকে আসা অভিবাসীরা মস্কোতে জাতিগত ঝামেলা এবং হামলার ঝুঁকি ভয়ঙ্করভাবে বাড়িয়ে তুলছে।
স্থানীয় তরুণ অ্যালেক্সি ঝুরাভলিয়োভ বলেন, “আমরা রাতে রাস্তায় চলাফেরা করতে ভয় পাই। তারা (অভিবাসীরা) সবসময় আক্রমণ, ছিনতাই এবং মানুষ হত্যা করে। তারা এমনকি খুব সাধারণ আইন যেমন লাল বাতি জ্বললে থামতে হয় সেটাও অমান্য করে।“
২০০০ সালে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্ষমতায় আসার পর রাশিয়ার তেলভিত্তিক অর্থনীতি দ্রুতগতিতে এগিয়ে যেতে থাকে। এই অগ্রগতিতে অভিবাসী শ্রমিকদের অবদান গুরুত্বপূর্ণ।
তবে উত্তর ককেশীয়া, মধ্য এশিয়া এবং ককেশিয়ার যেসব অঞ্চল সাবেক সোভিয়েত ইউনিয়নের অংশ ছিলো সেখান থেকে আসা অভিবাসীদের সংখ্যাধিক্যে মস্কোর স্থানীয় অধিবাসীরা বিব্রত।
মস্কোর বিরয়ুলিয়োভো এলাকায় অধিবাসী তাতিয়ানা বলেন, “তারা এখানে আসে এবং এমন ভাব করে যেন এটাই তাদের বাড়ি।“
বৃহস্পতিবার রাতে এই বিরয়ুলিয়োভোতেই এক বান্ধবীসহ বাড়ির পথে যাওয়ার সময় ইয়েগর শাখারবাকভ নামের ২৫ বছরের এক রুশ তরুণকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। শাখারবাকভকে ককেশীয় এক লোক হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
ওই হত্যাকাণ্ডের ঘটনায় আরো বেশি পুলিশি তৎপরতার দাবিতে রোববার মস্কোর বিরয়ুলিয়োভো এলাকায় বিক্ষোভে করে কয়েকশত স্থানীয় বাসিন্দা।
হত্যাকাণ্ডের সুবিচার দাবি করে প্রতিবাদকারীদের শান্তিপূর্ণ বিক্ষোভের এক পর্যায়ে একদল তরুণ একটি বিপণীবিতানে ভাংচুর শুরু করে। অল্পক্ষণের মধ্যেই বিপণীবিতানটিতে আগুন ধরিয়ে দেয় তারা। ইউটিউবে পোস্ট করা ভিডিওতে এ সময় তাদের “হোয়াইট পাওয়ার!” বলে স্লোগান দিয়ে এগিয়ে যেতে দেখা যায়।
এদের কেউ কেউ বর্ণবাদী স্লোগানও দেয়। অভিবাসীরা কাজ করে এমন এলাকার দোকানপাট ও প্রতিষ্ঠানগুলোতে তাণ্ডব চালায় তারা।
দাঙ্গা পুলিশ বিক্ষোভকারীদের আটক করার চেষ্টা করলে তারা পুলিশের দিকে কাঁচের বোতল ছুঁড়ে মারে। পুলিশ জবাবে লাঠি পেটা করে। ভিডিও ফুটেজে উল্টানো গাড়ি ও তছনছ করা ফলের দোকান দেখা গেছে।
এ সময় বিক্ষোভকারীদের সংখ্যা বেড়ে কয়েক হাজারে দাঁড়ায়। তারা ককেশীয় ও মধ্য এশীয় লোকজন কাজ করে এমন দোকানগুলোতে হামলা চালায়।
এ ঘটনায় বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন বলে জানা গেছে। দাঙ্গা ও ভাংচুরের অভিযোগে প্রায় ৩শ’ ৮০ জনকে আটক করে একটি ফৌজদারী মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।
বর্তমানে বিরয়ুলিয়োভো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
