২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাইলিনে নিহতের সংখ্যা বেড়ে ২৩

ভয়াবহ ঘূর্ণিঝড় পাইলিনের তাণ্ডবে ভারতের লন্ডভন্ড উড়িষ্যা এবং অন্ধ্র প্রদেশে উপকূলে নিহতের সংখ্যা এ পর্যন্ত ২৩ জনে দাঁড়িয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2013, 05:35 PM

Updated : 25 Apr 2022, 07:23 PM

ঘণ্টায় ২০০ কিলোমিটার বেগে এ ঝড় স্থানীয় সময় শনিবার সোয়া নয়টার দিকে আঘাত হানে।

এনডিটিভি জানিয়েছে, প্রবল ঝড়ে তার ছিঁড়ে উড়িষ্যায় সব ধরনের যোগাযোগ বন্ধ হয়ে গেছে। রাজ্যের অধিকাংশ এলাকাই শনিবার রাত থেকে বিদ্যুৎবিহীন।

ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে, উপকূল অতিক্রম করার পর পাইলিন বৃষ্টি ঝরাতে ঝরাতে উত্তর-উত্তর পশ্চিম দিকে সরে গিয়ে অনেকটা দুর্বল হয়ে পড়েছে। নিম্নচাপের কারণে উড়িষ্যাসহ বিভিন্ন প্রদেশে প্রবল বৃষ্টিপাত হচ্ছে।

রোববার সকালে ঝড়ের কেন্দ্র অবস্থান করছিল উড়িষ্যার সম্বলপুর এলাকায়। ওই সময় বাতাসের বেগ কমে এসে ঘণ্টায় ৮০ থেকে ৯০ কিলোমিটার বেগে বইছিল।

শনিবার রাতে উড়িষ্যার গোপালপুর দিয়ে উপকূল অতিক্রম শুরু করে ‘অতি প্রবল’ ঘূর্ণিঝড় পাইলিন। ঝড়ো হাওয়ার সঙ্গে তিন থেকে সাড়ে তিন মিটার (১০ ফুট) জলোচ্ছ্বাস নিয়ে ঘূর্ণিঝড়টি উপকূলে আছড়ে পড়ে।

কর্মকর্তারা বলছেন, সময়মতো লোকজন সরিয়ে নেয়ায় হতাহতের ঘটনা কম হয়েছে।

‘অ্যাকশন এইড ইন্ডিয়া’র নির্বাহী পরিচালক সন্দীপ চাচরা বলেন, আগে থেকেই ঝড়ের পূর্বাভাস এবং সরকারের দ্রুত তৎপরতার কারণে অনেক প্রাণ বাঁচানো সম্ভব হয়েছে।

ঊড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ মিলিয়ে অন্তত ৮৭৩,০০০ মানুষ নিরাপদ আশ্রয়ে রাত কাটিয়েছে। অন্যান্য আরো মানুষ আশ্রয় নিয়েছিল বিভিন্ন স্কুল এবং মন্দিরে।

গত ১৪ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী এ ঝড় সামনে রেখে শনিবার পর্যন্ত আট লাখেরও বেশি মানুষকে উড়িষ্যা ও অন্ধ্র উপকূল থেকে সরিয়ে নিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

রাজ্য ও কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ব্যাক ত্রাণ তৎপরতা প্রস্তুতিও নেয়া হয়। ভুবনেশ্বর বিমানবন্দরে নিয়মিত কার্যক্রম বন্ধ রেখে সেটি বিমানবাহিনীকে ব্যবহারের জন্য দেয়া হয়।

পাইলিন দুর্বল হয়ে পড়ার পর শুরু হয়েছে ত্রাণ ও উদ্ধার কাজ। উদ্ধারকর্মীরা রাস্তাঘাট পরিষ্কারের পাশাপাশি আরো কেউ হতাহত হয়েছে কিনা তা খুঁজে দেখছে।

এর আগে ১৯৯৯ সালের অক্টোবরে উড়িষ্যায় তাণ্ডব চালিয়ে যায় একটি সুপার সাইক্লোন, যাতে অন্তত ১৫ হাজার মানুষের মৃত্যু হয়।