২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছয় হাজার কিমি হেঁটে হজ পালন

পাকিস্তানের করাচি থেকে হেঁটে ছয় হাজার ৩শ’ ৮৭ কিলোমিটার পথ অতিক্রম করে এবারের হজে যোগ দিয়েছেন ৩৭ বছর বয়সী পাকিস্তানি নাগরিক খার্লজাদা কাসরাত রাই।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2013, 04:37 PM

Updated : 23 Aug 2022, 07:05 PM

শান্তির বার্তা ছড়িয়ে দেয়ার আকাঙ্ক্ষা থেকে তিনি এতদূর পথ হেঁটে হজে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন বলে এনডিটিভির এক খবরে জানা গেছে।

৭ জুন করাচি থেকে রওয়ানা হয়েছিলেন রাই। পায়ে হেঁটে ইরান, ইরাক ও জর্দান পাড়ি দিয়ে ১ অক্টোবর মক্কা পৌঁছানোর পর বীরের সংবর্ধনা দেয়া হয় তাকে।

সৌদি সরকারের কর্মকর্তারা ও কাবা শরিফের ইমাম স্বয়ং উপস্থিত হয়ে মক্কায় তাকে স্বাগত জানান। এ সময় মক্কার পাকিস্তানি অভিবাসী ও বিভিন্ন দেশের মুসলিম প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

শান্তির লক্ষ্যে হাঁটার জন্য দুই মেয়াদে বিশ্ব রেকর্ডের অধিকারী রাই।

মক্কায় পৌঁছে আল আরাবিয়া নিউজকে তিনি বলেন, “প্রায় তিনমাসের এই পথ পরিক্রমার উদ্দেশ্য সব ধরনের সন্ত্রাসের নিন্দা জানানো ও বিশ্বব্যাপী শান্তির বার্তা পৌঁছে দেয়া।”

“বিশ্বব্যাপী শান্তি, সাম্য ও ইউরোপীয় ইউনিয়নের মতো মুসলিম উম্মাহর মধ্যে একটি ইউনিয়ন প্রতিষ্ঠিত হোক, এটিই আমার চাওয়া,” বলেন তিনি।

শান্তির বার্তা ছড়িয়ে দেয়ার উদ্দেশ্যে ২০০৭ সালে তিনি ৮৫ দিনে এক হাজার ৯শ’ ৯৯ কিলোমিটার হেঁটে করাচি থেকে খাইবার পর্যন্ত যান। এরপর ২০০৯ এ একই উদ্দেশ্যে ১৪ দিনে ৩২৭ কিলোমিটার হেঁটে লাহোর থেকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ যান তিনি।