বাগদাদজুড়ে বোমা হামলায় নিহত ৩৮
ইরাকের রাজধানী বাগদাদজুড়ে বোমা হামলায় অন্তত ৩৮ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরাকি পুলিশ। সুন্নি জঙ্গিরা এসব হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সোমবার সংঘটিত ১০টি বোমা হামলার মধ্যে ৮টি শিয়া এলাকাগুলো লক্ষ করে চালানো হয়। অপর দুটি হামলার মধ্যে একটি শিয়া-সুন্নি অধ্যুষিত এলাকায় ও অপরটি সুন্নি এলাকায় চালানো হয়েছে।
সবচেয়ে প্রাণঘাতী হামলাটি হয়েছে শিয়া অধ্যুষিত হুসেইনিয়া এলাকায়। এতে পাঁচজন নিহত হয়।
সুন্নি অধ্যুষিত দৌরা এলাকায় রাস্তার পাশে পেতে রাখা একটি বোমা বিস্ফোরণে সরকার সমর্থিত একটি সুন্নি বেসামরিক বাহিনীর চার সদস্য নিহত হয়।
এছাড়া অন্য একটি ঘটনায় বাগদাদ থেকে ১শ’ কিলোমিটার দক্ষিণে হিল্লা এলাকায় জঙ্গিদের সঙ্গে বিশেষ বাহিনীর সদস্যদের বন্দুকযুদ্ধে এক পুলিশ কর্মকর্তাসহ ছয়জন নিহত হয়।
চলতি বছরে ইরাকজুড়ে বিভিন্ন সহিংসতায় এ পর্যন্ত ৬ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন।
এদিকে, গত মাসে তুলনামূলকভাবে শান্তিপূর্ণ কুর্দিস্তান এলাকায় চালানো এক বোমা হামলার দায় স্বীকার করেছে আল কায়েদার স্বীকৃতিপ্রাপ্ত জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট অব ইরাক ও লেভান্ত।
