২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরে সেনা চৌকিতে হামলা, সিনাইয়ে বিস্ফোরণ

মিশরের সুয়েজ খালের কাছে একটি শহরে বন্দুকধারীদের গুলিতে ৫ সেনা নিহত হয়েছে। অন্যদিকে, সিনাই উপত্যকায় একটি নিরাপত্তা ভবনে বিস্ফোরণে নিহত হয়েছে অন্তত ২ জন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 07 Oct 2013, 06:23 PM

Updated : 25 Apr 2022, 07:21 PM

সুয়েজ খাল তীরবর্তী শহর ইসমাইলিয়ার একটি তল্লাশিকেন্দ্রে সেনারা একটি গাড়িতে বসে থাকার সময় তাদের ওপর হামলা চালায় বন্দুকধারীরা।

ওদিকে, দক্ষিণাঞ্চলীয় সিনাই উপত্যকার একটি শহরে নিরাপত্তা বিভাগের একটি ভবনে প্রচণ্ড বিস্ফোরণে অন্তত ২ জন নিহত এবং ৪৮ জন আহত হয়েছে। গাড়ি বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।

বিবিসি এ হামলায় নিহতের সংখ্যা ৫ উল্লেখ করেছে। কায়রোর শহরতলীতে একটি স্যাটেলাইট স্টেশনে রকেট হামলারও খবর পাওয়া গেছে।

মিশরের সেনাবাহিনী গত ৩ জুলাইয়ে প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর থেকে সিনাইয়ের জঙ্গিদের হামলার ঘটনা বেড়েছে। জুলাই থেকে জঙ্গি হামলায় এ পর্যন্ত নিরাপত্তা বাহিনীর ১শ’ সদস্য নিহত হয়েছে।

ওদিকে, সোমবার পুলিশ ও ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সমর্থকদের মধ্যে নতুন করে সংঘর্ষে অন্তত ৫৩ জন নিহত হয়েছে, আহত হয়েছে আরো অন্তত ২৭১ জন।

রোববার কায়রোর তাহরির চত্বরে আরব-ইসরায়েল যুদ্ধের ৪০ বছর পূর্তি উপলক্ষে সরকারি অনুষ্ঠানের মধ্যে মুরসির দল মুসলিম ব্রাদারহুডের সমর্থকরা মিছিল নিয়ে ঢুকে পড়লে শুরু হয় সংঘর্ষ। এরপর তা ছড়িয়ে পড়ে বিভিন্ন এলাকায়।

এ সপ্তাহে মিশরে আরো সংঘাত হতে পারে বলেই মনে করা হচ্ছে।

মুসলিম ব্রাদারহুডকে নিয়ে গঠিত জোট মিশরবাসীকে সেনা-সমর্থিত সরকারের বিরুদ্ধে মঙ্গলবার থেকে আরো বিক্ষোভে নামার ডাক দিয়েছে। শুক্রবার কায়রোর তাহরির স্কয়ারে যোগ দেয়ারও আহ্বান জানায় তারা।