২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রিটিশ যুবরাজ হ্যারিকে অপহরণ করতে চেয়েছিল জঙ্গিরা

আফগানিস্তানে পা রাখার পর জঙ্গীদের প্রধান লক্ষ্যে পরিণত হয়েছিলেন ব্রিটিশ যুবরাজ হ্যারি। জঙ্গীরা তাকে অপহরণ করতে বা সরিয়ে দিতে প্রতিজ্ঞাবদ্ধ ছিলো।

নিউজ ডেস্ক

ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2013, 02:03 PM

Updated : 23 Aug 2022, 07:02 PM

যুক্তরাজ্যের ডেইলি মিরর সংবাদপত্রে প্রকাশিত এক সংবাদ সূত্রে রোববার এ খবর জানিয়েছে পাকিস্তানের দ্য ডন।

একজন তালেবান কমান্ডারের বরাত দিয়ে মিরর জানায়, জঙ্গীরা ব্রিটিশ রাজপরিবারের তরুণ এই সদস্যকে হাতের মুঠোয় পাওয়ার জন্য ক্রামাগত নিরাপত্তা বেষ্টনি ভাঙার চেষ্টা করেছে।

পাকিস্তানের পেশোয়ারের কাছে কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে দেয়া এক সাক্ষাৎকারে তালেবান কমান্ডার ক্বারী নাসরুল্লাহ বলেছেন, “ আপনাদের রাজকুমার এখানে এসে তার অ্যাপাচি হেলিকপ্টার নিয়ে মুজাহিদদের ওপর বোমা ফেলেছেন, এর অর্থ আমাদের যোদ্ধাদের প্রতি কোনো ধরণের নমনীয় মনোভাব তার নেই।“

“তাকে ধরার জন্য অনেক পরিকল্পনা করা হয়েছিলো, কিন্তু তিনি বেরিয়ে যেতে পেরেছেন, এটা হয়তো তার সৌভাগ্য ছিলো,” বলেন তিনি।

দুই বার ব্রিটিশ সেনাবাহিনীর সদস্য হিসেবে আফগানিস্তানে দায়িত্ব পালন করেছেন প্রিন্স হ্যারি। ২০০৮ সালে প্রথমবার তিনি আফগানিস্তান যান। কিন্তু আড়াই মাস পর সংবাদমাধ্যমে তার আফগানিস্তানে যাওয়ার খবর ছড়িয়ে পড়লে তাকে দেশে ফিরিয়ে আনা হয়।

২৯ বছর বয়সী প্রিন্স হ্যারি গত বছর সেপ্টেম্বরে দ্বিতীয়বার আফগানিস্তানে যান। তার সেখানে যাওয়ার কয়েক দিনের মধ্যেই যুক্তরাজ্যের সেনা ক্যাম্প ব্যাস্টিয়নে আত্মঘাতি বোমা হামলা চালানো হয়।

বোমা হামলার পরপরই রকেট চালিত গ্রেনেড এবং একে-৪৭ রাইফেল নিয়ে ব্রিটিশ ঘাঁটিটিতে জঙ্গিরা ব্যাপক হামলা শুরু করে।

পরবর্তী চার ঘণ্টা ধরে চলা এই লড়াইয়ে প্রায় ১৫ জন তালেবান সদস্য নিহত হয়। পাশাপাশি যুক্তরাষ্ট্রের দুজন কর্মী নিহত এবং বেশ কয়েকটি প্লেন ও হেলিকপ্টার ধ্বংস হয়।