বাংলাদেশী নারীর প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী
নিজ দেশের উন্নয়ন ভাবনা তুলে ধরতে গিয়ে এক বাংলাদেশী নারীর সাফল্যের কাহিনী বিশ্ব নেতাদেরকে শুনালেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে।
বাংলাদেশী নারী, নীলুফা ইয়াসমিন তার স্বামীর সঙ্গে একযোগে আয় করে কিভাবে নিজের দীর্ঘদিনের লালিত স্বপ্নের কাছাকাছি পৌঁছেছেন আর দুই সন্তানের উচ্চ শিক্ষার ব্যবস্থা করেছেন, ভাষণে তারই বর্ণনা দেন বিশ্বের অন্যতম দাতা দেশের এই সরকার প্রধান।
জাতিসংঘের ৬৮তম সাধারণ অধিবেশনে গত ২৬ সেপ্টেম্বর বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিদের উদ্দেশ্য ভাষণ দেন শিনজো আবে।
ভাষণের একাংশে দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান, নারীর ক্ষমতায়ন ও সার্বজনীন উন্নয়নে তার দেশের পদক্ষেপ ও কৌশলগুলো তুলে ধরেন আবে।
জাপানের উন্নয়ন নীতির ব্যাখ্যা দিতে গিয়েই উপস্থিত বিভিন্ন দেশের সরকার প্রধানদের কাছে তুলে ধরেন বাংলাদেশী নিলুফার জীবনের মোড় ঘুরে যাওয়ার আদ্যোপান্ত।
“ছোটবেলায় নিলুফার স্বপ্ন ছিল বড় হয়ে একদিন ডাক্তার হবে সে। কিন্তু দারিদ্র্য তার সেই স্বপ্ন পূরণে বাধা হয়ে দাঁড়ায়।
তবে আমি এখন বুঝতে পারছি ‘একজন নিরাপদ পানি বিশেষজ্ঞের’ পরিচয় নিয়ে এখন গর্বই করছেন ওই নারী।
শিনজোর ভাষায়, জাপানের উন্নয়ন তত্ত্ব হচ্ছে এমন একটি সমাজ সৃষ্টি করা, যেখানে নারীরা ঘুরে দাঁড়াতে পারবে এবং প্রতিযোগিতামূলক (চ্যালেঞ্জিং) সব কাজে নিজেদের জড়াতে পারবে।
“আমরা কি তাহলে বলতে পারি না যে, নিলুফা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ ‘আত্মবিশ্বাস আর আত্মমর্যাদা আর্জন’ করতে পেরেছে?” বিশ্ব নেতাদের কাছে প্রশ্ন রাখেন আবে।
নীলুফার কর্মসংস্থান সম্পর্কে আবে বলেন, তিনি কাজ করেন জাপানের পানি পরিশোধন প্রযুক্তি ‘পলি গ্লু’র একটি কোম্পানিতে। সেখানে তার পদবী হচ্ছে ‘পলি প্লু লেডি’।
‘নিপ্পন পলি গ্লু লিমিটেড’ জাপানের প্রচলিত পুকুরগুলো থেকে পানির ‘খারাপ’ উপাদানগুলো চিহ্নিত করেছে। এর মাধ্যমে পুকুর ও নদীর ময়লা পানি পরিষ্কার করা যায়।
“আপনি এই প্রযুক্তিটি ময়লা পানিতে প্রয়োগ করতে পারেন। পলি গ্লু পানির উপাদানগুলোর মধ্যে ঢুকে সংশ্লেষকের কাজ করে। পানিকে ময়লামুক্ত করে দ্রুত তলানিতে গিয়ে জমা হয়।
“বাসাবাড়িতে কিভাবে এর সঠিক ব্যবহার করা হবে তা মানুষকে শিখানো প্রয়োজন হয়। নিলুফাসহ অন্যান্য ‘পলি গ্লু লেডিরা’ ওই প্রতিষ্ঠানে একই সঙ্গে বিক্রয় প্রতিনিধি ও প্রশিক্ষকের কাজ করেন।
আবে বলেন, ব্যবসায় যাকে বলা হয় বেইজ অব পিরামিড “বিওপি”, এ প্রচেষ্টাকেও নারীর ক্ষমতায়নের প্রাথমিক ধাপ হিসেবে ধরে নেয়া যায়।
জাপান সরকার যতটা সম্ভব এ ধরনের নিলুফাদের এগিয়ে আনার প্রচেষ্টায় নেতৃত্ব দিতে চায়। এ ধরনের কোম্পানি ও সংগঠনগুলোকে তাদের আইডিয়া বাস্তবায়নে সহায়তাও করতে চায় বলে জানান শিনজো।
