২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অচলাবস্থার মুখে যুক্তরাষ্ট্র সরকার

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট বারাক ওবামার স্বাস্থ্য পরিষেবায় অর্থ বরাদ্দ নিয়ে ক্ষমতাসীন ডেমোক্র্যাট ও বিরোধী রিপাবলিকানদের মধ্যে এখনো কোনো মতৈক্য না হওয়ায় অচলাবস্থার মুখে পড়েছে সরকার।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2013, 06:02 PM

Updated : 23 Aug 2022, 06:59 PM

রোববার রিপাবলিকান-পরিচালিত মার্কিন প্রতিনিধি পরিষদ ওবামার স্বাস্থ্যসেবা বিলে অর্থায়নের বিরুদ্ধে ভোট দেয়ায় আশঙ্কা আরো বেড়েছে।

প্রতিনিধি পরিষদ এদিন সিনেট ব্যয় বিলের একটি সংশোধনী পাস করেছে ২৩১-১৯২ ভোটে। আর এর মধ্য দিয়েই আটকে দেয়া হয়েছে ওবামার স্বাস্থ্য সুরক্ষার জন্য তহবিল।

হোয়াইট হাউসের ভেটো হুমকির মুখেও এ ভোট হয়। ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত সিনেটে বিলটি এলে তা অকার্যকর করে দেয়া হবে বলে জানিয়েছেন সিনেট মেজোরিটি লিডার হ্যারি রেইড।

কিন্তু সিনেটের অধিবেশন শুরু হওয়ার কথা সোমবার দুপুর দুইটায়। আর এদিনই মধ্যরাতে শেষ হচ্ছে যুক্তরাষ্ট্রের অর্থবছর। আর তাই অচলাবস্থা কাটাতে হাতে থাকছে মাত্র কয়েকঘণ্টা সময়।

অর্থবছর শেষের আগেই সরকারকে নতুন নীতি অনুযায়ী ব্যয় বিল নিয়ে সমঝোতায় পৌঁছতে হবে। আর তা না হলে অচলাবস্থায় পড়বে সরকার।বন্ধ হয়ে যেতে পারে কিছু কাজ এমনকি কর্মীদের বেতনও।