রুহানির গাড়িবহরে ডিম ও জুতা নিক্ষেপ
নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশন থেকে দেশে ফিরে বিক্ষোভের মুখে পড়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি।
শনিবার তেহরান বিমানবন্দরে নামলে রুহানির গাড়িবহর লক্ষ্য করে ডিম ও জুতা নিক্ষেপ করে বিক্ষুব্ধরা। ‘আমেরিকার পতন হোক’ স্লোগান দিয়ে যুক্তরাষ্ট্রবিরোধী মনোভাবও প্রকাশ করে তারা।
নিউ ইয়র্ক সফরে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে চলমান বিতর্ক নিরসনে পশ্চিমাদের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেন রুহানি। এরপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে ফোনে কথা হয় তার। গত ৩০ বছরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে ইরানের কোনো নেতার এটাই প্রথম কথোপকথন।
প্রেসিডেন্টকে স্বাগত জানাতে এদিন তেহরান বিমানবন্দরে কয়েকশ’ মানুষ সমবেত হন। আবার তার বিরোধিতা করে ‘আমেরিকার পতন হোক’, ‘ইসরায়েলের পতন হোক’ স্লোগান দেন কিছু মানুষ।
এ সময় গাড়িতে দাঁড়িয়ে সমর্থকদের উদ্দেশ্যে হাত নাড়েন রুহানি।
নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদক বলেছেন, প্রেসিডেন্ট রুহানি বিমানবন্দরে নামার পর সেখানে বিশৃঙ্খলা দেখা দেয়। প্রেসিডেন্টের গাড়িবহর লক্ষ্য করে অনেকে ডিম ও জুতা নিক্ষেপ করেন।
গত জুনে জাতীয় নির্বাচনে জয়ী হয়ে কট্টরপন্থী প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের কাছ থেকে ক্ষমতা গ্রহণ করেন উদারপন্থী হিসেবে পরিচিত হাসান রুহানি।
দায়িত্ব নেয়ার পরই পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সঙ্গে চলমান বিরোধ নিরসনের আগ্রহ প্রকাশ করেন তিনি।
বিদ্যুৎ উৎপাদনের উদ্দেশ্যে পরমাণু কর্মসূচির আড়ালে ইরান পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ পশ্চিমাদের।
এ অভিযোগে মধ্যপ্রাচ্যের এ দেশটির ওপর কয়েক দফা অবরোধও আরোপ করা হয়েছে।
