২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় তীব্র হচ্ছে আল কায়েদা ও মধ্যপন্থী বিদ্রোহীদের লড়াই

সিরিয়ার উত্তর ও পূর্ব সীমান্তে দেশটির মধ্যপন্থী বিদ্রোহীদের সঙ্গে আল কায়েদার সঙ্গে সম্পর্কিত কট্টরপন্থী বিদ্রোহীদের তীব্র লড়াই চলছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 25 Sep 2013, 02:20 PM

Updated : 23 Aug 2022, 06:58 PM

আড়াই বছরের গৃহযুদ্ধে বিদ্রোহী এ দুটি পক্ষের মধ্যে এটিই সবচেয়ে ভয়াবহ লড়াই।

মঙ্গলবার এ খবর জানিয়েছেন যুক্তরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ্ কর্মকর্তা।

সলিম ইদ্রিসের নেতৃত্বাধীন বিদ্রোহী ফ্রি সিরিয়ান আর্মির সঙ্গে আল কায়েদার সঙ্গে সম্পর্কিত কট্টরপন্থী ইসলামিক স্টেট অব ইরাক ও দ্য লেভান্ত (আইএসআইএস) এর তীব্র লড়াইয়ের বর্ণনা দিতে গিয়ে মার্কিন ওই কর্মকর্তা বলেন, “তাদের মধ্যে প্রচণ্ড গোলাগুলি চলছে।”

“সলিম ইদ্রিসের ফ্রি সিরিয়ান আর্মি ও ইসলামিক স্টেট অব ইরাক এবং লেভান্তের মধ্যে যে লড়াই চলছে তা আমাদের দেখা সবচেয়ে কঠিন লড়াই,” বলেন নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি সিরিয়ার ন্যাশনাল কোয়ালিশনের প্রেসিডেন্ট আহমেদ জাব্রার সঙ্গে সাক্ষাতের পর তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, “কট্টরপন্থীরা এখন সরকারের ভূমিকা পালন করছে, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বিষয়টি উল্লেখ করেছেন সিরিয়ার বিরোধীদলীয় নেতা।”

আড়াই বছর ধরে সুন্নি বিদ্রোহীদের এই গোষ্ঠীগুলো সিরিয়ার শিয়া প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতা থেকে উৎখাতের লক্ষ্যে লড়াই করে আসছে। কিন্তু লক্ষ্যে পৌঁছানোর আগে নিজেরাই রক্তক্ষয়ী বিবাদে জড়িয়ে পড়েছে।

মার্কিন ওই কর্মকর্তা জানিয়েছেন, ফ্রি সিরিয়ান আর্মিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে রসদ সরবরাহ করা হচ্ছে এবং গোষ্ঠীটিকে সহায়তা করতে আরো কি করা যায় তা খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানাননি তিনি।

বিদ্রোহী ফ্রি সিরিয়ান আর্মিকে আগে থেকেই মারণাস্ত্র ছাড়া অন্যান্য রসদ যুগিয়ে আসছিলো যুক্তরাষ্ট্র।

সিরিয়ার উত্তরাঞ্চল ও পূর্বাঞ্চলে বিদ্রোহী অধিকৃত এলাকায় আল কায়েদার সঙ্গে সম্পর্কিত আইএসআইএল এবং নুসারা ফ্রন্ট বিগ্রেডের সঙ্গে কমজোরি কিন্তু অনেকটা মধ্যপন্থী এমন বিদ্রোহীদের প্রায়ই দ্বন্দ্ব তৈরি হচ্ছিল। সম্প্রতি তা তীব্র আকার ধারণ করে।

বিদ্রোহীদের নিজেদের মধ্যে এই লড়াই আসাদের বিরুদ্ধে লড়াই থেকে তাদের দূরে সরিয়ে দিচ্ছে। আসাদবিরোধী লড়াইয়ে গত আড়াই বছরে সিরিয়ায় এক লাখের বেশি মানুষ প্রাণ হারিয়েছে।