২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেন অ্যাবোট

অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন টনি অ্যাবোট। ৫৫ বছর বয়সী অ্যাবোট ক্যানবেরায় সরকারি ভবনে শপথ গ্রহণ করেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2013, 01:11 PM

Updated : 25 Apr 2022, 07:16 PM

দেশটির গভর্নর-জেনারেল বুধবার অ্যাবোটকে শপথ পাঠ করান বলে বিবিসি জানিয়েছে।

৭ সেপ্টেম্বর দেশটির পার্লামেন্ট নির্বাচনে অ্যাবোটের রক্ষণশীল জোট সংখ্যাগরিষ্ঠ আসনে জয় লাভ করে। নির্বাচনে জয়ী হয়েই তিনি একটি স্থিতিশীল সরকার গঠনের অঙ্গীকার করেন।

অ্যাবোটের নেতৃত্বাধীন জোটের জয়ী হওয়ার মধ্যদিয়ে দেশটিতে লেবার পার্টির ৬ বছরের শাসন অবসান হল।

বুধবারের শপথ অনুষ্ঠান উপলক্ষ্যে অ্যাবোট ঘোষণা দেন, তার সরকার দ্রুত কাজ শুরু করবে। তিনি বলেন, ‘আজ (বুধবার) শুধু আনুষ্ঠানিকতার দিন নয়, আজ থেকেই কাজ শুরুর দিন।”

‘অস্ট্রেলিয়ার জনগণ আমাদের কাছে ব্যবসার নিম্নগতির রাশ টেনে ধরার প্রত্যাশা করে আর এই সরকার সেটাই করবে’, বলেন অ্যাবোট।

তার ১৯ সদস্যের মন্ত্রিসভাও একই দিনে শপথ নিচ্ছেন।

তবে একজন মাত্র নারী অন্তর্ভুক্ত করায় অ্যাবোটের নতুন মন্ত্রিসভা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। মন্ত্রিসভায় অ্যাবোটের সহকারী লিবারেল পার্টির নেতা জুলি বিশপ পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন।

নয়া মন্ত্রিসভায় একমাত্র নারী হচ্ছেন জুলি।

যদিও অ্যাবোট দাবি করেছেন, নতুন মন্ত্রিসভায় অভিজ্ঞ সাংসদের নিয়োগ দেয়া হয়েছে।

অর্থনৈতিক ব্যবস্থাপনার ওপর বেশি গুরুত্বারোপের প্রতিজ্ঞা করে নির্বাচনে জয়ী হন অ্যাবোট।

এরআগে অ্যাবোট বলেন, “আমার বিশ্বাস এটা আমাদের দেশের ইতিহাসের সবচেয়ে অভিজ্ঞ মন্ত্রিসভার একটি হতে যাচ্ছে। আমার মনে হয় বিরোধীদল থেকে যখন আপনি সরকারী দলে পরিণত হবেন তখন অভিজ্ঞতা থাকাটা খুব জরুরি।“